সিলেট ১৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩১ পূর্বাহ্ণ, জুলাই ২, ২০২৬
নিহত জাহাঙ্গীর আলম। ফাইল ছবি
কানাইঘাট প্রতিনিধি:
এবার সিলেটের কানাইঘাট উপজেলায় জাহাঙ্গীর আলম নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
বুধবার (১ জুলাই) উপজেলার লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের বড়বন্দ ৩য় খণ্ড গ্রামে পারিবারিক বিরোধের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
নিহত যুবক জাহাঙ্গীর আলম (২৮) বড়বন্দ ৩য় খণ্ড গ্রামের মৃত মোসা মিয়ার ছেলে।
অভিযোগ উঠেছে, স্ত্রীকে ফিরিয়ে আনার বিষয়কে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের একপর্যায়ে ভায়রা ভাই ও তাঁর স্বজনরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে যুবককে গুরুতর আহত করেন। পরে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
স্থানীয় বাসিন্দা ও নিহতের পরিবারের সদস্যদের দাবি, প্রায় দুই মাস আগে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে নিয়ে বাবার বাড়িতে চলে যান জাহাঙ্গীর আলমের স্ত্রী।
পরে স্ত্রীকে ফিরিয়ে আনতে তিনি ও তাঁর ভায়রা ভাই একই গ্রামের সিকন্দর আলীর পুত্র শামীম উদ্দিনের সহযোগিতা চান। বিষয়টি নিয়ে বিকেল ২টার দিকে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উত্তেজনা সৃষ্টি হলে জাহাঙ্গীর আলম সেখান থেকে চলে যান। বিকেল সাড়ে ৫টার দিকে নিজ বাড়ি থেকে বড়বন্দ বাজারে যাওয়ার পথে করুনা সুন্দরী দিঘীর পাশে আগে থেকেই ওঁৎ পেতে থাকা শামীম উদ্দিন, তাঁর ভাই ডালিম উদ্দিন ও নাইম উদ্দিন, ভাগ্নে তারেক আহমদ ও শাহেদ আহমদসহ কয়েকজন জাহাঙ্গীর আলমের ওপর অতর্কিত হামলা চালান। হামলাকারীরা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে জাহাঙ্গীর আলমকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
শেষ খবর পাওয়া পর্যন্ত হত্যাকাণ্ডের শিকার জাহাঙ্গীর আলমের মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, মারামারির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এর আগে গত ২৮ জুন রাতে কানাইঘাট পৌরশহরের উপজেলা রোডস্থ তাজু নামের একব্যাক্তির ওয়ার্কশপের কর্মচারি আহাদ আহমদ নামে এক তরুণকে স্ক্রুড্রাইভার দিয়ে আঘাতে করে তারই বন্ধু সায়েম আহমদ।
(সুরমামেইল/এমআর)
Design and developed by ওয়েব হোম বিডি