সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪৬ অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০২২
সুরমা মেইল ডেস্ক :
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যাওয়ার পথে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফিরিয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বেলা ১১টার দিকে নাইটিঙ্গেল মোড়ে তার গাড়ি আটকে দেয় পুলিশ।
পরে সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল। তিনি বলেন, কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির নেতা-কর্মীদের ঢুকতে দেওয়া হচ্ছে না। তাকেও যেতে দেওয়া হয়নি।
মহাসচিবকে দলের কার্যালয়ে যেতে না দেওয়ার বিষয়ে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, ক্রাইম সিনের কাজ শেষ না হওয়া পর্যন্ত কাউকে যেতে দেওয়া হবে না। পুলিশের ওপর সেখান থেকে বোমা নিক্ষপ করা হয়েছে। সিআইডি ক্রাইম সিন নিয়ে কাজ করছে। কাজ শেষ না হওয়া পর্যন্ত সেখানে কেউ যেতে পারবে না।
তবে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, আমি দলের মহাসচিব। আমাকে আমার দলীয় কার্যালয়ে যেতে দেয়নি পুলিশ। তারা সম্পূর্ণ মিথ্যা কথা বলছে। রাজনৈতিক দলের নেতার মতো কথা বলছে। তারাই বোমা ও লাঠিসোঁটা রেখেছে। তারাই বিএনপির শান্তিপূর্ণ সমাবেশকে পুরোপুরি নস্যাৎ করার জন্য পরিকল্পনা করেছে।
এর আগে সকাল ৮টার দিকে শাহবাগ থানায় নাশকতার দুই মামলায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামানের আদালতে হাজিরা দিতে যান তিনি। এদিকে, মির্জা ফখরুল নয়াপল্টনে সংঘর্ষের ঘটনায় নিহতের বিষয়ে সুষ্ঠু তদন্ত, বিএনপির কেন্দ্রীয় কার্যালয় খুলে দেওয়া ও গ্রেফতারদের মুক্তির দাবি জানিয়েছেন। তিনি বলেন, ১০ তারিখের সমাবেশ যেন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয় সেজন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি।
দুই হাজার নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা
বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় বিএনপির ৪৭৩ নেতাকর্মীর নামোল্লেখ করে মামলা করেছে পুলিশ। মামলায় অজ্ঞাত আরো দেড় থেকে দুই হাজার নেতাকর্মীকে আসামি করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ তথ্য জানিয়েছেন মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) এনামুল হল মিঠু।
বুধবার (৭ ডিসেম্বর) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে একজন গুলিবিদ্ধ হয়ে মারা যান। আহত হন অনেকে। এসময় বিএনপি কার্যালয়ে অভিযান চালিয়ে চাল, পানি, খিচুড়ি, নগদ টাকা ও বিস্ফোরকদ্রব্য পাওয়া যায় বলে জানায় পুলিশ।
অভিযান চলাকালে নয়াপল্টন থেকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ অনেক নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।
Design and developed by ওয়েব হোম বিডি