সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১১ অপরাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০২১
কুলাউড়া প্রতিনিধি :
মৌলভীবাজারের কুলাউড়ার হাজীপুরে ক্যারাম খেলাকে কেন্দ্র করে যুবককে পিটিয়ে হত্যা মামলায় অভিযুক্ত দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৩ ডিসেম্বর) কুলাউড়া থানা পুলিশ অভিযান চালিয়ে পলাতক থাকা প্রধান অভিযুক্তসহ দুইজনকে সিলেটের গোয়াইনঘাট থেকে গ্রেপ্তার করা হয়।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ২ নভেম্বর উপজেলার হাজীপুরের পাবই গ্রামের গাজীটিলায় ক্যারাম বোর্ডখেলাকে কেন্দ্র করে স্থানীয় দুলাল মিয়ার পুত্র জুয়েল আহমদ (২৫) ও আব্দুর রহিম (২৪) এর সাথে প্রতিবেশী রশীদ মিয়ার ছেলে ছাব্বির আলীর বাকবিতণ্ডা হয়। এরই জেরে জুয়েল ও তাঁদের পরিবারের লোকজন ছাব্বিরকে পিটিয়ে জখম করে। গুরুতর আহত অবস্থায় ছাব্বিরকে মৌলভীবাজার হাসপাতালে নিয়ে যান স্বজনরা। পরদিন ৩ নভেম্বর চিকিৎসাধীন অবস্থায় ছাব্বিরের মৃত্যু হয়। এ ঘটনায় ছাব্বিরের পিতা রশীদ আলী বাদী হয়ে থানায় মামলা দায়েরকরেন।
এদিকে হত্যা মামলায় প্রধান আসামী জুয়েল ও তাঁর ভাই আব্দুর রহিম গাঁ ঢাকা দেন। থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলামের নেতৃত্বে পুলিশ সোমবার ভোরে সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অভিযান চালিয়ে জুয়েল ও রহিমকে গ্রেপ্তার করেন।
থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, ছাব্বির হত্যা মামলায় তাঁর পিতা ৬ জনকে আসামী করে মামলা দায়ের করেন। মামলার প্রধান আসামী জুয়েল ও তাঁর ভাই রহিম পলাতক ছিলো। সোমবার দুপুরে মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
Design and developed by ওয়েব হোম বিডি