সিলেট ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪৬ অপরাহ্ণ, মে ৩১, ২০১৭
সুরমা মেইল ডেস্ক :: উপকূলীয় এলাকার ওপর দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড় ‘মোরা’র আঘাতে কক্সবাজার, রাঙামাটি ও ভোলায় ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে বলে সরকারি বিভিন্ন দপ্তর থেকে পাওয়া তথ্যে জানা যায়।
এর মধ্যে কক্সবাজারে পাঁচজন, রাঙামাটিতে দুজন এবং ভোলায় এক শিশুর মৃত্যু হয়েছে। আহত শতাধিক।
গতকাল মঙ্গলবার ভোর ৬টার দিকে ঘূর্ণিঝড় ‘মোরা’ কক্সবাজার-চট্টগ্রাম উপকূল অতিক্রম শুরু করে। ওই সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১০০ কিলোমিটারের বেশি। ঘূর্ণিঝড় ‘মোরা’র আঘাতে কক্সবাজারে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। এ ছাড়া উপকূলের অনেক জেলায় ক্ষয়ক্ষতি হয়েছে।
কক্সবাজার : ঘূর্ণিঝড় মোরা’র আঘাতে কক্সবাজারে ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চকরিয়ায় গাছ চাপায় মারা গেছেন চার জন ও কক্সবাজার পৌর শহরের ২নং ওয়ার্ডে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছে একজন। বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ওসি বখতিয়ার আহমদ।
বখতিয়ার জানান, চকরিয়ায় গাছ চাপা পড়ে রহমত উল্লাহ (৫০), সায়রা খাতুন (৫৫), আবদুল হামিদ (৩০) ও শাহানা আকতার (১৩) নামের চার জনের মৃত্যু হয়।
রাঙামাটি : মোরা’র আঘাতে রাঙামাটিতে দুই জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- রাঙামাটির আসাম বস্তির নারকেল বাগান এলাকার হাজেরা বেগম (৪৫) ও রাঙামাটি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ও ভেদভেদি এলাকার মাহিমা আক্তার (১৩)। বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিক্যাল অফিসার মো. তৈয়ব।
ভোলা : ঘূর্ণিঝড় ‘মোরা’র আঘাত থেকে রক্ষা পেতে আশ্রয়কেন্দ্রে যাওয়ার পথে কাদাপানিতে মায়ের কোল থেকে পড়ে গিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। মনপুরা উপজেলার কলাতলী গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ভোলার জেলা প্রশাসক মোহাম্মদ সেলিম উদ্দিন।
Design and developed by ওয়েব হোম বিডি