সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১৮ অপরাহ্ণ, জুলাই ২৬, ২০১৮
বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় হামলাকারী ফয়জুল হাসানসহ ছয়জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) জমা দিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ জুলাই) দুপুরে সিলেট মহানগর হাকিম হরিদাস কুমারের আদালতে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা ও জালালাবাদ থানার ওসি শফিকুল ইসলাম।
ফয়জুল হাসান ছাড়াও অন্যান্য অভিযুক্তরা হলো- তার বন্ধু সোহাগ মিয়া, বাবা মাওলানা আতিকুর রহমান, মা মিনারা বেগম, মামা ফজলুল হক ও ভাই এনামুল হাসান।
চার্জশিট দাখিলের কথা জানিয়ে মামলার তদন্ত কর্মকর্তা জানান, অভিযুক্তরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এ ঘটনার সঙ্গে জড়িত। ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনের ৮, ১১, ১২ ও ১৩ ধারায় চার্জশিট দাখিল করা হচ্ছে বলে জানান তিনি।
চার্জশিটে বলা হয়, হামলাকারী ফয়জুল হাসান ওয়াজ শুনে ও বিভিন্ন পন্থীদের লেখা বই পড়ে জিহাদে প্রভাবিত হয় এবং হত্যার উদ্দেশ্যে লেখক ও শিক্ষাবিদ অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলা চালায়। তবে ফয়জুলের সঙ্গে আন্তর্জাতিক বা স্থানীয় কোনো জঙ্গিগোষ্ঠীর সম্পৃক্ততা পাওয়া যায়নি।
চার্জশিটে আরও উল্লেখ করা হয়, ২০১৬ সালের মাঝামাঝিতে ফয়েজকে তার বন্ধু সোহাগ একটি ৮ জিবি মেমোরি কার্ড দেয়। ওই মেমোরি কার্ড থেকে জঙ্গি নেতা জসিম উদ্দিন রাহমানী, তামিম উদ্দিন আদনানী এবং ওলিপুরী হুজুরের ওয়াজ শুনে ফয়জুল জিহাদের ব্যাপারে প্রভাবিত হয়। এছাড়া জসিম উদ্দিন রাহমানীর লেখা পড়ে এবং তিতুমির মিডিয়ার ভিডিও দেখে সে ধারণা করে ড. মুহম্মদ জাফর ইকবাল নাস্তিক।
দাওয়াহ-ইলাল্লাহ নামক ওয়েবসাইটে ফয়জুল জাফর ইকবালের ‘ভুতের বাচ্চা সোলায়মান’ বইয়ের ছবি দেখেন এবং সেখানে বিভিন্ন কমেন্ট থেকে ধারণা করেন নবী সোলায়মান (রা.) কে কটাক্ষ করে বইটি লেখা হয়েছে। এসব দেখে এক বছর আগে তিনি জাফর ইকবালকে হত্যার পরিকল্পনা করেন। সে লক্ষ্যে নগরের আল হারামা মার্কেটের নিচতলার একটি দোকান থেকে ছুরি কিনে জাফর ইকবালকে হত্যার সুযোগ খুঁজতে থাকেন।
মামলার তদন্ত কর্মকর্তা ওসি শফিকুল ইসলাম বলেন, মামলার প্রধান আসামি ফয়জুল হাসান নিজেই জাফর ইকবালকে হত্যার পরিকল্পনা করেন। ৩-৪ মাস থেকেই তিনি জাফর ইকবালকে হত্যার সুযোগ খুঁজতে থাকেন। আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতেও এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেন ফয়জুল।
গত ৩ মার্চ বিকালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ক্যাম্পাসের মুক্তমঞ্চে এক অনুষ্ঠানে জাফর ইকবালের ওপর হামলা চালায় মাদ্রাসা ছাত্র ফয়জুল হাসান।
এ ঘটনায় শাহজালাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার মুহাম্মদ ইশফাকুল হোসেন বাদী হয়ে ওই দিন রাতেই সন্ত্রাসবিরোধী আইনে জালালাবাদ থানায় একটি মামলা দায়ের করেন।
Design and developed by ওয়েব হোম বিডি