সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২৯ অপরাহ্ণ, এপ্রিল ১১, ২০১৯
রাজধানীর মোহাম্মদপুর, মেহেরপুরের গাংনী ও কক্সবাজারের টেকনাফে বন্দুকযুদ্ধে ৩ জন নিহত হয়েছে। তাদের মাদক ব্যবসায়ী বলছে পুলিশ ও র্যাব।
রাজধানীর মোহাম্মদপুরে নিহত নবী হোসেন (৪৭) র্যাবের সঙ্গে গোলাগুলিতে প্রাণ হারান। র্যাব বলছে, ভোর সোয়া পাঁচটার দিকে ঢাকা উদ্যান এলাকায় র্যাবের চেকপোস্ট লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে একদল অস্ত্রধারী। র্যাবও পাল্টা গুলি চালায়। গোলাগুলিতে নিহত হন মাদক ব্যবসায়ী নবী হোসেন। ঘটনাস্থল থেকে বিদেশি পিস্তল, গুলি ও ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে।
কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে গোলাগুলিতে মোহাম্মদ কাশেম (৩২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তাকে ইয়াবা বিক্রেতা বলছে পুলিশ।
পুলিশ বলছে, বুধবার রাত সাড়ে ৯টার দিকে কাশেমকে গ্রেপ্তার করা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে রাত সাড়ে ১২টার দিকে হোয়াইক্যং ইউনিয়নের পশ্চিম সাতঘরিয়াপাড়া সাকিনের পাহাড়ের নিচে ইছহাক মাস্টারের গোপন আস্তানায় অভিযান চালানো হয়। পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে কাশেমের সহযোগীরা। পুলিশও পাল্টা গুলি চালায়। এতে সহযোগীরা পালিয়ে গেলেও, গুলিবিদ্ধ হন কাশেম। হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি। এ ঘটনায় পুলিশের তিন সদস্য আহত হয়েছেন।
নিহত কাশেম টেকনাফের হোয়াইক্যংয়ের পশ্চিম সাতঘরিয়াপাড়া পাহাড়ি এলাকার আনু মিয়ার ছেলে। তার বিরুদ্ধে একাধিক মামলা থাকার কথা জানিয়েছে পুলিশ।
এদিকে, মেহেরপুরের গাংনীতে নিহত হন ফজলুল হক (৪৫)। পুলিশ বলছে, হাড়াভাঙ্গা তিনজোল মাঠে দুই দল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলির খবর পেয়ে ঘটনাস্থলে যান তারা। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় মাদক ব্যবসায়ীরা। পরে ঘটনাস্থল থেকে ফজলুল হকের গুলিবিদ্ধ মরদেহ, অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
Design and developed by ওয়েব হোম বিডি