সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩১ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০১৬
সুরমা মেইল ডেস্ক :: নবীগঞ্জে কৃষক মোক্তাদির আলী হত্যা মামলায় পাঁচজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এ মামলায় আরও ২৭ জনের বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাফরোজা পারভীন এ রায় দেন।
মৃত্যু দন্ডপ্রাপ্তরা হলেন, আনিছ মিয়া, ফরাস উদ্দিন, জমশেদ, বজলু ও নূর ইসলাম। এদের মধ্যে জমশেদ, বজলু ও নূর ইসলাম পলাতক রয়েছেন। রাষ্ট্রপক্ষে আইনজীবি অ্যাডভোকেট সালেহ উদ্দিন আহমেদ জানান, ২০০২ইং সালের ২০ ফেব্রুয়ারি দুপুরে নবীগঞ্জ উপজেলার দিঘলবাগ ইউনিয়নের বোয়ালজুর গ্রামের মোক্তাদির আলীর জমির ধান খায় একই গ্রামের নূর ইসলামের গরু। এ নিয়ে প্রতিবাদ করলে নূর ইসলামসহ তার দলের লোকজন হামলা চালিয়ে তাকে হত্যা করে।
এ ঘটনায় নিহতের ভাই মসাহিদ আলী বাদী হয়ে ৪০ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ ৩৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। ১৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আজ মঙ্গলবার বিচারক এ রায় দেন। রায় ঘোষণার সময় আদালতে ফাঁসির দন্ডপ্রাপ্ত দুইজনসহ ১৫ জন আসামি উপস্থিত ছিলেন। তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। বাকি ১৭ জন পলাতক রয়েছেন। আসামিপক্ষে মামলা পরিচালনা করেন খালিকুজ্জামান চৌধুরী।
Design and developed by ওয়েব হোম বিডি