সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩১ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০২১
নিহত নাজমুলের ফাইল ছবি (বাঁয়ে), গ্রেফতার তফাজ্জল আলী ও হত্যার সিসিটিভি ফুটেজ।
কমলগঞ্জ প্রতিনিধি : বিদেশ পালাতে গিয়ে কমলগঞ্জের আলোচিত ব্যবসায়ী নেতা নাজমুল হাসান হত্যা মামলার মূল আসামি তফাজ্জল আলী। কিন্তু ঢাকার কমলাপুরে মৌলভীবাজারের গোয়েন্দা পুলিশের হাতে ধরা পরেন তিনি।
বৃহস্পতিবার (০৪ নভেম্বর) ভোরে এক অভিযানে সহযোগীসহ তাকে গ্রেফতার করা হয়। এনিয়ে এ হত্যা মামলার এজাহারভুক্ত তিন আসামিসহ চারজনকে গ্রেফতার করল পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া।
আরও পড়ুন :কমলগঞ্জে ব্যবসায়ী নেতাকে কুপিয়ে হত্যার ভিডিও ভাইরাল
পুলিশ সুপার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার এবি এম মুজাহিদুল ইসলামের নেতৃত্বে জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে বৃহস্পতিবার ভোরে ঢাকার কমলাপুর এলাকা থেকে নাজমুল হাসান হত্যা মামলার মূল আসামি তফাজ্জল আলীসহ এক সহযোগীকে গ্রেফতার করা হয়েছে।
এ সময় তফাজ্জল আলীর কাছ থেকে পাসপোর্ট, এমিরেটস এয়ারলাইন্সের টিকেট, মোবাইল ফোন, চারটি বিদেশিসহ পাঁচটি সীম কার্ড ও ৩৩৮ দিরহাম উদ্ধার করা হয়। সে বিদেশ পালিয়ে যাওয়ার প্রস্ততি নিচ্ছিল। এ ঘটনার সাথে জড়িত অন্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ সুপার আরও জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে নাজমুল হাসানের সাথে তফাজ্জল আলী গংদের দীর্ঘদিন ধরে চৈত্রঘাট বাজার, বালু ব্যবসাসহ বিভিন্ন বিষয়ে বিরোধ চলছিল।
আরও পড়ুন : কমলগঞ্জে ব্যবসায়ী নেতাকে ছুরিকাঘাতে হত্যা
উল্লেখ্য, গত ৩১ অক্টোবর দুপুর ২টার দিকে চৈত্রঘাট বাজারে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয় ব্যবসায়ী নাজমুল হাসানকে। পরে হত্যাকান্ডের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, ৩১ অক্টোবর দুপুরে কমলগঞ্জের চৈত্রঘাট বাজারে মাইক্রোবাস থেকে নেমে ৯-১০ জনের সংঘবদ্ধ দল হামলা করে ব্যবসায়ী নাজমুল হাসানের উপর। এসময় এলোপাতারি কুপিয়ে জখম করে ফেলে যায়।
ঘটনার পর মারাত্মক আহত অবস্থায় সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ঐদিন রাতে নাজমুল মারা যান। নিহত নাজমুল কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের প্রতাপী গ্রামের লুকুস মিয়ার ছেলে।
এ ঘটনার পরদিন নিহত ব্যবসায়ী নাজমুলের বড় ভাই শামছু মিয়া বাদী হয়ে কমলগঞ্জ থানায় রাসেল, মাসুদ, তফজ্জুল ও তোফায়েলের নাম উল্লেখ করে মোট ১৪ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন
Design and developed by ওয়েব হোম বিডি