সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০২ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০১৮
নারায়ণগঞ্জের ফতুল্লার হকবাজার এলাকার একটি বাসায় আগুনের ঘটনায় হরিদাসী ওরফে ছায়ারাণী (৬০) ও তার মেয়ে সুনিত্রা রাণী (২৭) মারা গেছেন। তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন ছিলেন।
এদের মধ্যে বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) ভোরের দিকে মারা যান ছায়ারাণী এবং বেলা ১১টার দিকে মারা যান সুনিত্রা।
ঢাকা মেডিক্যাল কলেজ বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. পার্থশংকর পাল জানান, আগুনে হরিদাসীর শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল। আর তার মেয়ের শরীর ৬৫ শতাংশ পুড়ে গিয়েছিল। বাকিদের অবস্থাও তেমন ভালো নয়।
এর আগে বুধবার (১৯ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে ওই বাড়িতে আগুন লাগে। এতে একই পরিবারের ৯ জন দগ্ধ হন। এদের মধ্যে শ্রীনাথ চন্দ্র বর্মনের (৩৬) শরীরের ৩০ শতাংশ পুড়ে গেছে, তার স্ত্রী অর্চনা রাণীর (৩০) ১৯ শতাংশ, তাদের মেয়ে অনামিকার (১৫) ৪২ শতাংশ, ছেলে অর্পিত চন্দ্র বর্মনের (৯) ৪৬ শতাংশ, ভাতিজা প্রমিত চন্দ্র বর্মনের (১৪) ১০ শতাংশ, শাওন চন্দ্র বর্মনের (১০) ৪২ শতাংশ এবং বোনজামাই নারায়ণ চন্দ্র বর্মনের (৪০) ১৫ শতাংশ পুড়ে যায়। এরা সবাই ঢামেক বার্ন ইউনিটে চিকিৎসাধীন।
দগ্ধ শ্রীনাথের ভাই অনাথ বর্মন জানান, তারা নারায়ণগঞ্জের ফতুল্লার শিবু মার্কেট হকবাজার এলাকায় চারতলা ভবনের তৃতীয় তলায় ভাড়া থাকেন। বুধবার ভোরে সবাই ঘুমিয়ে ছিলেন। এমন সময় বাড়িতে আগুন লাগে। পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন উদ্ধার করে বার্ন ইউনিটে ভর্তি করে। গ্যাসের চুলা থেকে এই আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।
Design and developed by ওয়েব হোম বিডি