নিরাপত্তায় দেশের সেরা সিলেটের ওসমানী বিমানবন্দর

প্রকাশিত: ৮:৩৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২৬

নিরাপত্তায় দেশের সেরা সিলেটের ওসমানী বিমানবন্দর

Manual4 Ad Code

মেইল ডেস্ক:
নিরাপত্তা নিরীক্ষায় এগিয়ে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর। যুক্তরাজ্যের পরিবহন বিভাগের (ডিএফটি) সাম্প্রতিক মূল্যায়নে বিমানবন্দরটি পেয়েছে ৯৮ শতাংশ স্কোর। এক বছর আগে এই স্কোর ছিল ৯৪ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে ওসমানীর নিরাপত্তা নিরীক্ষার স্কোর বেড়েছে ৪ শতাংশ পয়েন্ট।

 

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেরও স্কোর বেড়েছে। তবে সেখানে অগ্রগতি হয়েছে ১ শতাংশ পয়েন্ট। গত বছর ৯৩ শতাংশের বিপরীতে এবার শাহজালাল পেয়েছে ৯৪ শতাংশ।

 

Manual5 Ad Code

রোববার বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে। যুক্তরাজ্যগামী যাত্রী ও কার্গোর নিরাপত্তাব্যবস্থাকে গুরুত্ব দিয়ে ডিএফটি এই নিরীক্ষা পরিচালনা করে।

 

নিরীক্ষায় ওসমানী ও শাহজালাল বিমানবন্দরের যাত্রী, কার্গো ও ডাক পরিবহনের নিরাপত্তাব্যবস্থার বিভিন্ন দিক পর্যালোচনা করা হয়েছে। পাশাপাশি বিমান চলাচলের নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট ব্যবস্থাপনাও মূল্যায়নের আওতায় ছিল।

 

বেবিচক জানিয়েছে, ২০২৫ ও ২০২৬ সালের ফলাফল তুলনা করলে দুই বিমানবন্দরেই নিরাপত্তাব্যবস্থার ধারাবাহিক উন্নতির চিত্র পাওয়া যায়। তবে স্কোর বৃদ্ধির হিসাবে ওসমানীর অগ্রগতি বেশি।

 

বেবিচকের সদস্য (নিরাপত্তা) এয়ার কমোডর মো. আসিফ ইকবাল বলেন, এই অর্জনের পেছনে বেবিচকের বিমান চলাচল নিরাপত্তা বিভাগ, সংশ্লিষ্ট বিমানবন্দর কর্তৃপক্ষ এবং অন্যান্য অংশীজনের সমন্বিত প্রচেষ্টা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

 

যাত্রী নিরাপত্তার পাশাপাশি কার্গো নিরাপত্তার ক্ষেত্রেও অগ্রগতির কথা জানিয়েছে বেবিচক। কার্গো-সংক্রান্ত অতিরিক্ত নিরাপত্তাব্যবস্থার মূল্যায়নে শতভাগ পরিপালন অর্জিত হয়েছে।

 

বেবিচকের ভাষ্য, কার্গো ও ডাক পরিবহনে নির্ধারিত নিরাপত্তাব্যবস্থা বাস্তবায়নে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত কার্যক্রমের প্রতিফলন এই ফলাফলে পাওয়া গেছে।

 

আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা শুধু যাত্রীদের পরীক্ষা-নিরীক্ষায় সীমাবদ্ধ নয়। কার্গো ও ডাক পরিবহনের নিরাপত্তা, পরীক্ষা, প্রক্রিয়াকরণ এবং আন্তর্জাতিক মান অনুসরণও এর গুরুত্বপূর্ণ অংশ।

 

২০১৭ সাল থেকে বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের উচ্চঝুঁকির কার্গো ও ডাকব্যবস্থার আওতায় অতিরিক্ত নিরাপত্তা শর্তের মুখোমুখি হচ্ছে। এর ফলে ইউরোপগামী কার্গো ও ডাক পরিবহনে বাড়তি নিরাপত্তাব্যবস্থা নেওয়ার পাশাপাশি প্রক্রিয়াকরণে সময় ও ব্যয়ও বাড়ে।

Manual7 Ad Code

 

বাংলাদেশ ইতিমধ্যে উচ্চঝুঁকির কার্গো ও ডাকসংক্রান্ত বিধিনিষেধ প্রত্যাহারের বিষয়টি সংশ্লিষ্ট পক্ষগুলোর কাছে তুলে ধরেছে।

Manual1 Ad Code

 

বেবিচক বলছে, ডিএফটির এবারের মূল্যায়ন বাংলাদেশের বিমান চলাচল নিরাপত্তাব্যবস্থার সক্ষমতা ও ধারাবাহিক উন্নতির একটি গুরুত্বপূর্ণ সূচক। আন্তর্জাতিক পর্যায়ের এমন মূল্যায়নে অগ্রগতি বিমানবন্দর নিয়ে যাত্রী, বিমান সংস্থা, ব্যবসায়ী এবং আমদানি-রপ্তানিসংশ্লিষ্ট দেশি-বিদেশি অংশীজনের আস্থা বাড়াতে সহায়ক হবে।

 

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ক্ষেত্রে এক বছরের ব্যবধানে ৯৪ থেকে ৯৮ শতাংশে ওঠা স্কোর নিরাপত্তাব্যবস্থায় অগ্রগতির একটি পরিমাপযোগ্য চিত্র তুলে ধরেছে। পাশাপাশি কার্গো নিরাপত্তায় শতভাগ পরিপালনের তথ্যও আন্তর্জাতিক নিরাপত্তা মান বাস্তবায়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সক্ষমতার বিষয়টি সামনে এনেছে।

 

(সুরমামেইল/এমএইচ)

Manual3 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code