সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪৯ অপরাহ্ণ, মার্চ ২১, ২০১৮
আবার নৌকায় ভোট দিলে দেশবাসীকে সুন্দর জীবন উপহার দেয়ার অঙ্গীকার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আবার নৌকায় ভোট দিলে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠা করবেন তিনি।
বুধবার (২১ মার্চ) বিকেলে চট্টগ্রামের পটিয়া আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন।

মুক্তিযোদ্ধাদের কারণে বাংলাদেশ স্বাধীন হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেছেন, তাদের কারণেই এই দেশ বিধায় সবার আগে তাদের অধিকার। মুক্তিযোদ্ধাদের ছেলে-মেয়ে-নাতি-নাতনি সবাই সর্বাগ্রে অধিকার ভোগ করবে। সে কারণে চাকরিতে আমরা কোটার ব্যবস্থা করেছি। মুক্তিযোদ্ধাদের কারণেই তো এই চাকরি করতে পারছেন, সুতরাং তাদের ছেলে-মেয়েরা এ সম্মান পাবেন।
সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা পরিবারের জন্য যে ৩০ শতাংশ কোটা আছে, তা বহাল থাকবে বলে সাফ জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধাদের ত্যাগ, তিতীক্ষার জন্যই বাংলাদেশ স্বাধীন হয়েছে, উন্নত হচ্ছে। মানুষ চাকরি পাচ্ছে, তাদের জীবন পাল্টাচ্ছে।
মুক্তিযুদ্ধের আত্মত্যাগের কারণেই আজকের স্বাধীনতা, উন্নয়ন-এই মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধাদের জন্য বিশেষ ব্যবস্থা করতে হবে। এ জন্যই তাদের সন্তান আর নাতিপুতির জন্য চাকরিতে কোটা রয়েছে।
কোটায় যদি না পাওয়া যায়, তাহলে শূন্য পদে সাধারণ চাকরিপ্রার্থীদের নিয়োগ দিতে কোটার বিষয়টি শিথিল করা হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এর বাইরে কিছু করা সম্ভব নয়।
বাংলাদেশে সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা পরিবারের জন্য ৩০ শতাংশ কোটা রয়েছে। এর বাইরে পিছিয়ে পড়া জেলাগুলোর জন্য ১০ শতাংশ, নারীদের জন্য ১০ শতাংশ, ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য পাঁচ শতাংশ এবং প্রতিবন্ধীদের জন্য এক শতাংশ কোটা রয়েছে। ৯০ দশক থেকে প্রতিটি রাজনৈতিক সরকারের শেষ বছরে এই কোটা নিয়ে একটি পক্ষ মাঠে নামে। তারা মূলত মুক্তিযোদ্ধা কোটার বিষয়টি সামনে নিয়ে এসে তা বাতিলের দাবি জানিয়ে আসছে।
তবে গত কয়েক মাস ধরে কোটাবিরোধী আন্দোলনে নতুন মাত্রা এসেছে। তারা আগের মতো মুক্তিযোদ্ধা পরিবারের কোটা বাতিলের দাবি না তুলে কোটা সংস্কারের দাবি জানাচ্ছে। তাদের দাবি, কোটা কমিয়ে ১০ শতাংশে নিয়ে আসতে হবে।
চাকরিপ্রার্থীদের এই আন্দোলনের মুখে সম্প্রতি কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে শূন্য পদে মেধা তালিকা থেকে নিয়োগ হবে বলে সিদ্ধান্ত জানায় জনপ্রশাসন মন্ত্রণালয়। এরপরও চাকরি প্রার্থীরা কোটা সংস্কারের দাবিতে আন্দোলন চালিয়ে আসছিল। এতদিন প্রধানমন্ত্রী এই বিষয়টি নিয়ে কিছু বলেননি। তবে আজকে তিনি তার অবস্থান জানিয়ে দিলেন।
ডিজিটাল বাংলাদেশ গড়ার অঙ্গীকার দিয়ে সরকার তা পূরণ করেছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সমগ্র বাংলাদেশে ইন্টারনেট সেবা চালু হয়েছে। বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ হলে ডিজিটাল বাংলাদেশ আরো এগিয়ে যাবে। প্রধানমন্ত্রী তার সরকারের নানামুখী উন্নয়ন কর্মসূচি তুলে ধরে বলেন, পুরো চট্টগ্রামে বর্তমান সরকার ব্যাপকভাবে উন্নয়ন করছে। শিক্ষা, বিশেষ করে মেয়েদের শিক্ষায় সরকারের বিভিন্ন কর্মসূচি তুলে ধরেন প্রধানমন্ত্রী।
বলেন, আমরা ১ কোটি ৩০ লাখ মায়ের হাতে উপবৃত্তির টাকা দিচ্ছি, যেন তাদের সন্তানেরা পড়াশোনা চালিয়ে যেতে পারে।
নৌকায় ভোট চেয়ে প্রধানমন্ত্রী জনসভায় উপস্থিত নেতাকর্মীদের কাছে ওয়াদা চান। বলেন, আপনারা উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে নৌকায় ভোট দেবেন কি-না, হাত তুলে ওয়াদা করুন। তখন নেতাকর্মীরা হাত তুলে আওয়ামী লীগের নৌকা মার্কায় ভোট দেওয়ার অঙ্গীকার করেন।
সভায় প্রধানমন্ত্রী বিএনপি-জামায়াতের সমালোচনা করে বলেন, আমরা উন্নয়ন করি। আর বিএনপি-জামায়াত জোট মিলে দেশকে পিছিয়ে দেয়। বিগত নির্বাচন ঠেকানোর নামে খালেদা জিয়ার নির্দেশে পুড়িয়ে পুড়িয়ে মানুষ হত্যা করা হয়েছে। খালেদা ও তার দুই ছেলে কালো টাকা সাদা বানিয়েছে। তাদের পাচারের টাকা বিদেশে ধরা পড়েছে।
চট্টগ্রামবাসীর উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, ‘২৮টি প্রকল্প উদ্বোধন করে গেলাম। আরো কিছু প্রকল্পের কাজ চলছে। আরো কিছু প্রকল্পের কাজ শুরু হবে। এই উন্নয়নগুলো আপনাদের আর্থসামাজিক উন্নয়নে কাজে লাগবে। কক্সবাজার পর্যন্ত চার লেন করা হচ্ছে। চট্টগ্রাম বন্দরে আমরা উড়াল সেতু করে দিচ্ছি। কর্ণফুলি তৃতীয় সেতু করে দিচ্ছি।’
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মফিজুর রহমান। সভায় বক্তব্য দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, প্রচার সম্পাদক হাছান মাহমুদ, ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি নুরুল আলম চৌধুরী, উত্তরের সাধারণ সম্পাদক আবদুস ছালাম, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন প্রমুখ।
Design and developed by ওয়েব হোম বিডি