সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১৩ পূর্বাহ্ণ, এপ্রিল ২৪, ২০২১
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে পাওনা টাকা আনতে গিয়ে লাশ হয়ে ফিরেছেন আহাম্মদ আলী স্বপন নামে ২০ বছর বয়সী এক তরুণ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। আটক মাইনুল হাসান একই গ্রামের আব্দুল আলীমের ছেলে।
শুক্রবার (২৩ এপ্রিল) রাতে সদর উপজেলার তেতৈয়া গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। নিহত স্বপন শহরতলীর ভাদৈ গ্রামের জমির আলীর ছেলে।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী জানান, মাইনুলের কাছে এক হাজার টাকা পেতেন স্বপন। বৃহস্পতিবার (২২ এপ্রিল) রাতে পশ্চিম ভাদৈ সড়কে সেই টাকা আনতে যান তিনি। এ সময় মাইনুলের সঙ্গে স্বপনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে সহযোগীদের নিয়ে স্বপনকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন মাইনুল।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নেয়। তবে আশঙ্কাজনক হওয়ায় স্বপনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসকরা। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে তিনি মারা যান।
ওসি আরও জানান, ভাদৈ গ্রামে ভাড়া বাসায় থাকেন মাইনুল। তাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে আজ (শনিবার) আদালতে পাঠানো হবে।
Design and developed by ওয়েব হোম বিডি