সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩১ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০১৯
হবিগঞ্জের বানিয়াচংয়ে নিখোঁজের ১২ ঘণ্টা পর পুকুর থেকে দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা পুকুরের পানিতে ডুবে মারা গেছে।
মঙ্গলবার (২৭ আগস্ট) সকালে একটি পুকুরে ভাসমান অবস্থায় তাদের লাশ উদ্ধার করা হয়।
নিহতরা হলো- বানিয়াচং উপজেলার বড়ইউড়ি ইউনিয়নের বল্লবপুর গ্রামের সাইফুল মিয়ার ছেলে সালমান মিয়া (৬) ও তার চাচাতো ভাই তোফাজ্জুল মিয়ার ছেলে তায়েব মিয়া (৫)।
স্থানীয়রা জানান, সোমবার সন্ধ্যা থেকে ওই দুই শিশুকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তাদের আত্মীয় স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খুঁজে না পাওয়ায় এলাকায় মাইকিং করা হয়। মঙ্গলবার সকালে বাড়ির পাশের একটি পুকুরে শিশুদের লাশ পানিতে ভেসে উঠতে দেখে স্থানীয় লোকজন। পরে তাদের লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসা হয়।
স্থানীয় ইউপি মেম্বার খন্দকার মনিরুজ্জামান মনু জানান, নিহত শিশুদের বাড়ির চারদিকে পানি। প্রাথমিকভাবে ধরণা করা হচ্ছে, শিশুরা সোমবার সন্ধ্যায় খেলাধুলা করতে গিয়ে পানিতে ডুবে মারা যায়।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ মোবারক জানান, শিশুদের লাশ স্থানীয় একটি পুকুর থেকে উদ্ধার করা হয়েছে বলে তাকে জানানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
Design and developed by ওয়েব হোম বিডি