সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫৮ পূর্বাহ্ণ, আগস্ট ২৮, ২০২১
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় নৌকাডুবির ঘটনায় ২১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অন্তত ৫০ জন নিখোঁজ রয়েছেন। শুক্রবার (২৭ আগস্ট) সন্ধ্যায় বিজয়নগর উপজেলার তিতাস নদী সংলগ্ন লইস্কা বিলে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন।
তিনি জানান, লইস্কা বিলের দেওদুনা নামক স্থানে বালুবাহী স্টিলের নৌকার সঙ্গে যাত্রীবাহী ইঞ্জিনচালিত নৌকার সংঘর্ষ হয়। এতে যাত্রীবাহী নৌকাটি ডুবে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত ২১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানান জেলা প্রশাসক।
জেলা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক তৌফিকুল ইসলাম ভূঁইয়া জানান, এই পর্যন্ত নিহতদের মধ্যে ১৬ জনের পরিচয় জানা গেছে। বাকিদের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।
তাদের মধ্যে রয়েছেন- ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের পৈরতলা এলাকার আবু সাঈদের স্ত্রী মোমেনা বেগম (৫৫) ও ফারুক মিয়ার স্ত্রী কাজল বেগম (৪০), দাতিয়ারা এলাকার মোবারক মিয়ার মেয়ে তাসফিয়া মিম (১২), সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের সাদেরকপুর গ্রামের মুরাদ হোসেনের ছেলে তানভীর (৮), চিলোকুট গ্রামের আব্দুল্লাহ মিয়ার শিশু কন্যা তাকুয়া (৮), নরসিংসার গ্রামের জামাল মিয়ার ছেলে সাজিম (৭) ও ভাটপাড়া গ্রামের ঝারু মিয়ার মেয়ে শারমিন (১৮)।
ফায়াস সার্ভিসের এই কর্মকর্তা জানান, ‘স্থানীয়রা ১৯টি মরদেহ উদ্ধার করেছে। আর আমাদের ডুবুরিরা পরে আরও দুটি মরদেহ উদ্ধার করেছে। এখনো অন্তত ৫০ জন নিখোঁজ রয়েছেন।’
প্রত্যক্ষদর্শীরা জানান, ১২০ জনেরও বেশি যাত্রী নিয়ে বিকেল সাড়ে ৫টার দিকে বিজয়নগর উপজেলার চম্পকনগর ঘাট থেকে ছেড়ে আসে যাত্রীবাহী নৌকাটি। সদর উপজেলার আনন্দবাজার ঘাটের দিয়ে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনাস্থল পরিদর্শন করে জেলা প্রশাসক জানিয়েছেন, নিহত প্রত্যেকের পরিবারকে ২০ হাজার টাকা করে দেওয়া হবে।
এদিকে, শুক্রবার সন্ধ্যায় বিজয়নগর উপজেলার চরইসলামপুর থেকে লইস্কা বিলে যাত্রীবোঝাই ট্রলারডুবির ঘটনায় তিনজনকে আটক করেছে স্থানীয় জনতা। তারা হলেন- জেলার সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের ষোলাবাড়ি এলাকার আবজল মিয়ার ছেলে জামির মিয়া (৩৫), কাশেম মিয়ার ছেলে মো. খোকন (২২) ও মৃত আব্দুল করিমের ছেলে মো. রাসেল (১৮)। এদের মধ্যে জামির বালুবোঝাই ট্রলারের চালক। বাকি দুজন তার সহযোগী।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোজাম্মেল হোসেন রেজা জানান, ঘটনার পর পালিয়ে যাওয়ার চেষ্টাকালে বালুবোঝাই ট্রলারের চালকসহ তিনজনকে আটক করা হয়। তাদের পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
Design and developed by ওয়েব হোম বিডি