ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতদের ৯ জনই সিলেট বিভাগের

প্রকাশিত: ৩:৩৯ পূর্বাহ্ণ, নভেম্বর ১৩, ২০১৯

ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতদের ৯ জনই সিলেট বিভাগের

Manual7 Ad Code

হবিগঞ্জ ও শ্রীমঙ্গল প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় হবিগঞ্জেরই আটজন ও মৌলভীবাজারের শ্রীমঙ্গলের এক নারীসহ নয়জন নিহত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে। এ নিয়ে হবিগঞ্জে নিহতদের পরিবারে চলছে শোকের মাতম। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ।

 

দুর্ঘটনায় নিহত হবিগঞ্জের ৮ জন হলেন- হবিগঞ্জ জেলা ছাত্রদলের সহসভাপতি আলী মোঃ ইউসুফ, হবিগঞ্জ সদর উপজেলার বহুলা গ্রামের ইয়াসিন আরাফাত, গোপায়া গ্রামের রিপন মিয়া, বানিয়াচং উপজেলার মুরাদপুর গ্রামের আল-আমিন, বড়বাজার গ্রামের সোহেল মিয়ার শিশু মেয়ে আদিবা, চুনারুঘাট উপজেলার উলুকান্দি গ্রামের রুবেল মিয়া তালুকদার, পীরেরগাঁও গ্রামের সুজন মিয়া, নবীগঞ্জ উপজেলার ইসলামপুর গ্রামের নজরুল মিয়া। তারা সবাই উদয়ন ট্রেনের যাত্রী ছিলেন।

ট্রেন দুর্ঘটনায় নিহতদের মধ্যে ৪ জন

 

এ দুর্ঘটনায় জাহেদা খাতুন (৩০) নামে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের এক নারী মারা গেছেন।

 

নিহত আল-আমিনের চাচা বানিয়াচংয়ের বড়ইউড়ি ইউপির সাবেক মেম্বার কুতুব উদ্দিন জানান, আল-আমিন চট্টগ্রামে নির্মাণ শ্রমিকের কাজ করতেন। ১৯ দিন পূর্বে তার এক ছেলের জন্ম হয়। ছেলের নাম রাখতে তিনি সম্প্রতি বাড়িতে আসেন। একমাত্র ছেলের নাম রাখেন ইয়ামিন। রনিহা (৬) ও নুছরা (৮) নামে তার আরও দুটি মেয়ে রয়েছে।

 

আরও পড়ুন » ব্রাহ্মণবাড়িয়ায় ২ ট্রেনের সংঘর্ষে নিহত ১৬

 

তিনি আরও জানান, ছেলের নাম রেখে চাচা মনু মিয়া ও ফুফাতো ভাই শামীমকে নিয়ে সোমবার (১১ নভেম্বর) রাতে উদয়ন ট্রেনে চট্টগ্রামের উদ্দেশে রওয়ানা হন। পথিমধ্যে রেল দুর্ঘটনায় তিনি মারা যান। অপর দুইজন মনু মিয়া ও শামীম গুরুতর আহত হন। নিহত আল-আমিনের কোনো ভাইবোন নেই। অনেক আগেই মারা গেছেন মা-বাবাও।

Manual3 Ad Code

 

বানিয়াচং উপজেলার তাম্বুলিটুলা গ্রামের সোহেল মিয়া জানান, তিনি ও তার স্ত্রী নাজমা বেগম চট্টগ্রামের একটি কোম্পানিতে চাকরি করেন। গত বৃহস্পতিবার তারা বাড়ি আসেন। সোমবার স্ত্রী ও ২ সন্তানকে নিয়ে কর্মস্থলের উদ্দেশে রওয়ানা হন। পথে ট্রেন দুর্ঘটনায় আড়াই বছর বয়সী একমাত্র মেয়ে আদিবা আক্তার সোহা মারা যায়। আহত হন তিনি, তার স্ত্রী ও সাড়ে ৪ বছর বয়সী ছেলে নাছির। তারা এখন ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। মেয়ের মৃত্যুতে নির্বাক হয়ে পড়েছেন নিহত সোহার মা-বাবা।

 

আরও পড়ুন » ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: নিহত ১৬ জনের মধ্যে হবিগঞ্জের ৫ জন

 

শহরের আনোয়ারপুর গ্রামের আব্দুল আহাদ জানান, তার চাচাতো ভাই আলী মোহাম্মদ ইউসুফ বৃন্দাবন সরকারি কলেজ থেকে ব্যবস্থাপনা বিষয়ে মাস্টার্স শেষ করে স্থানীয় একটি কিন্ডার গার্টেনে শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তার স্ত্রী চিশতিয়া বেগম চট্টগ্রামে স্বাস্থ্যকর্মী হিসেবে কর্মরত। স্ত্রী ও দেড় বছর বয়সী একমাত্র মেয়ে ইশা আক্তারকে বাড়িতে আনার উদ্দেশ্যে চট্টগ্রামে যাচ্ছিলেন। ট্রেন দুর্ঘটনায় তিনি ঘটনাস্থলেই মারা যান।

Manual6 Ad Code

 

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রুবেল আহমেদ চৌধুরী জানান, নিহত আলী মোহাম্মদ ইউসুফ জেলা ছাত্রদলের সহসভাপতি ছিলেন। তিনি চার ভাই বোনের মধ্যে তৃতীয়। তার বাবা মারা গেছেন ২০১১ সালে। আর বড় ভাই উসমান গনি ২০১৭ সালে ক্যানসার আক্রান্ত হয়ে মারা যান। এখন ইউসুফই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী।

 

Manual5 Ad Code

আরও পড়ুন » স্ত্রী-সন্তান নিয়ে বাড়ি ফেরা হলো না ছাত্রদল নেতা ইউসুফের

 

ট্রেন দুর্ঘটনায় নিহত হয়েছেন শহরতলীর বড়বহুলা গ্রামের আলমগীর আলমের ছেলে ইয়াছিন আলম (১১) বাবার সঙ্গে চট্টগ্রামে যাচ্ছিল সাগর ও দর্শনীয় স্থান দেখতে। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন দুর্ঘটনায় মারা যায় সে। আহত হন তার বাবা পৌর আওয়ামী লীগ নেতা আলমগীর আলম। নিহত ইয়াছিন স্থানীয় প্রাইমারি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র। সে স্টুডেন্ট কাউন্সিলের নির্বাচিত সদস্য ছিল। ছেলেকে হারিয়ে তার মা হাসিনা আক্তার বার বার মুর্ছা যাচ্ছেন।

 

বন্ধুদের নিয়ে কক্সবাজারে বেড়ানোর উদ্দেশে যাচ্ছিল চুনারুঘাট উপজেলার উবাহাটা গ্রামের রুবেল মিয়া তালুকদার। সে ওই গ্রামের পশ্চিম তালুকার বাড়ির ফটিক মিয়া তালুকদারের ছেলে। সে স্থানীয় শানখলা মাদরাসার দাখিল শ্রেণির ছাত্র। ট্রেন দুর্ঘটনায় তার মৃত্যুর খবর পেয়ে পরিবারসহ পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

 

আরও পড়ুন » রেল সংশ্লিষ্টদের প্রধানমন্ত্রীর সতর্কতা

 

একই উপজেলার পাকুড়িয়া গ্রামের সুজন মিয়া চাকরির ইন্টারভিউ দিতে চট্টগ্রামে যাচ্ছিলেন। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন দুর্ঘটনায় তিনি মারা যান। নিহত সুজন হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজের অনার্সের ছাত্র। পাশাপাশি তিনি হবিগঞ্জ আদালতে মোহরার হিসেবে কাজ করতেন। তিনি ওই গ্রামের আবুল হাসিম মিয়ার ছেলে। চার ভাই ও ২ বোনের মধ্যে তিনি সবার ছোট।

 

চুনারুঘাট উপজেলার আহমদাবাদ ইউনিয়নের ছয়শ্রী গ্রামের আব্দুস সালামের স্ত্রী পেয়ারা বেগম মঙ্গলবার ভোর রাতে পিত্রালয়ে যাচ্ছিলেন। একাই তিনি বাড়ি থেকে রওয়ানা হন। পথে উদয়ন ট্রেন দুর্ঘটনায় তিনি মারা যান। তার ৪ সন্তান রয়েছে। খবর পেয়ে সকালে তার স্বামী আব্দুস সালাম লাশ আনতে ব্রাহ্মণবাড়িয়া যান। এ বিষয়টি জানিয়েছেন আহমদাবাদ ইউপি চেয়ারম্যান আবুল হাসনাত চৌধুরী।

 

হবিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান জানান, হবিগঞ্জের যে কয়জন নিহত হয়েছেন তাদের পরিবারকে ১৫ হাজার টাকা করে দেয়া হবে।

 

এদিকে, ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেট রেলপথের মন্দভাগে ট্রেন দুর্ঘটনায় নিহত ১৬ জনের লাশ হস্তান্তর সম্পন্ন হয়েছে।

 

Manual2 Ad Code

প্রসঙ্গত, সোমবার (১১ নভেম্বর) ভোর পৌনে ৩টার দিকে উপজেলার মন্দভাগ রেলওয়ে স্টেশনের ক্রসিংয়ে আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস ও তূর্ণা নিশীথার মধ্যে এই দুর্ঘটনা ঘটে। উদয়ন এক্সপ্রেস সিলেট থেকে চট্টগ্রাম ও তূর্ণা  নিশীথা চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখে ছিল। মন্দভাগ রেল স্টেশনের কাছে ট্রেন দুটির মধ্যে সংঘর্ষ ঘটে। এতে দুটি ট্রেনেরই বেশ কয়েকটি করে বগি দুমড়ে মুচড়ে যায়। এতে ১৬জন নিহতের খবর পাওয়া গেছে এখন পর্যন্ত।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code