সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২৯ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০২১
ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে মেয়েকে গোপনে বিয়ে করায় জামাতা নাসিরুলকে (২৪) মধ্যযুগীয় কায়দায় গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় শাশুড়ি সেলিনা আক্তারকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার ভাঙবাড়ি গ্রাম থেকে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন রানীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ ইকবাল।
এর আগে, গত সোমবার শ্বশুরবাড়িতে স্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে শ্বশুর-শাশুড়ি ওই যুবককে গাছের সঙ্গে বেঁধে মধ্যযুগীয় কায়দায় বেধড়ক পেটায়।
এলাকাবাসী জানায়, গরিব পরিবারের সন্তান নাসিরুলের সঙ্গে উপজেলার ভাঙবাড়ি গ্রামের করিমুলের মেয়ে কেয়ামুনির প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর তারা বিয়ে করে আত্মগোপনে থাকেন।
এদিকে মেয়ের পরিবার কেয়ামনিকে ফিরিয়ে দিতে ছেলের পরিবারকে চাপ দিতে থাকে। বিয়ে মেনে নেওয়ার প্রতিশ্রুতি দেয় মেয়েপক্ষ।
মেয়ের পরিবার প্রভাবশালী হওয়ায় ছেলের পরিবার ভয়ে ছিল। পরে কেয়ামুনিকে শ্বশুরবাড়িতে রেখে আসেন নাসিরুল।
সোমবার বিকেলে স্ত্রীর সঙ্গে দেখা করতে শ্বশুরবাড়িতে যান নাসিরুল। তখনই মেয়ের বাবা-মা তাকে গাছের সঙ্গে বেঁধে নির্মম নির্যাতন করেন।
বৃহস্পতিবার রাতে ওই যুবককে নির্যাতন করার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ঘটনা ফাঁস হয়। নির্যাতনের স্বীকার নাসিরুল ইসলাম (২২) রানীশংকৈল উপজেলার ভাংবাড়ি মধ্যপাড়া এলাকার খইরুল ইসলামের ২য় পুত্র।
নির্যাতনের কারণে অসুস্থ হয়ে পড়ার পরে পুলিশ এবং স্থানীয়রা নাসিরুল কে উদ্ধার করে রানীশংকৈল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে নাসিরুলের শারিরিক অবস্থার অবনতি হলে তাকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়।
এ বিষয়ে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ ইকবাল বলেন, একটি ভিডিও ভাইরাল হওয়ার পরে আমরা অভিযান পরিচালনা করে ওই ঘটনার সাথে জড়িত সেলিনা আক্তারকে আটক করি। ছেলের পরিবার এর সাথে যোগাযোগ করা হলে মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানা যায়। মামলা হওয়ার পরে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যাবস্থা গ্রহণ করা হবে।
Design and developed by ওয়েব হোম বিডি