সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০২১
অভিযুক্ত এমদাদুল হক
মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছে। খুন হওয়া ব্যক্তির নাম জিয়াউর রহমান (৪২)।
শনিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের আইনপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত জায়গাজমি সংক্রান্ত বিষয় নিয়ে নিহত জিয়াউর রহমানের (৪২) ভাইদের মধ্যে পারিবারিক বিরোধ চলে আসছিল।
এ ব্যাপারে নিহতের বোন নাসিমা বেগম বলেন, শনিবার সকালে জিয়াউর রহমান ঘরের পাশের একটি অংশে বীজবপণের জন্য মাটি খুঁড়তে গেলে জায়গা নিয়ে তার ভাই তাইদুল মিয়ার (৩২) সাথে বাকবিতণ্ডা হয়। কিছুক্ষণ বাকবিতণ্ডা হওয়ার পরে তাইদুল চলে যান।
একপর্যায়ে অপর আরেক ছোট ভাই এমদাদুল হক (২৬) ঘুম থেকে ওঠে কিছু না বলে একটি কাঠের টুকরো দিয়ে বড় ভাই জিয়াউর রহমানের মাথায় আঘাত করে পালিয়ে যায়। তাৎক্ষণিক পরিবারের অন্যান্য লোকজন তাকে (জিয়াউর রহমান) মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো, ইয়াছিনুল হকের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ইয়াছিনুল হক বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে সুরতহাল রিপোর্ট সংগ্রহ করেছে। ময়না তদন্তের জন্য লাশ মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ মামলা করেননি। খুনের দায়ে অভিযুক্ত পলাতক এমদাদুল হককে গ্রেফতারে পুলিশ অভিযান পরিচালনা করবে।
Design and developed by ওয়েব হোম বিডি