সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫৬ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০১৮
রাজধানীর বিমানবন্দর এলাকায় জাবালে নূর বাসচাপায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা মাঠে নেমে বিক্ষোভ করেছে। মঙ্গলবার (৩১ জুলাই) সকাল থেকে সড়কে দ্বিতীয় দিনের মতো অবস্থান ও অবরোধ শুরু করেন তারা।
সকালে শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ শুরু করেন। এরপর ফার্মগেট, মিরপুর, তেজগাঁও, ধানমণ্ডি, নাবিস্কো, কাকরাইল, শাহবাগ, মতিঝিল মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা। এ সময় তারা নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খানের পদত্যাগ ও ঘাতক বাসচালকের ফাঁসির দাবিতে স্লোগান দেন।
প্রতিটি পয়েন্টেই কয়েকশ শিক্ষার্থীর সড়ক অবরোধের কারণে যানচলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। বিক্ষোভ স্লোগানের এক পর্যায়ে শিক্ষার্থীরা কয়েকটি বাস ভাঙচুর করেন। দুপুর ১টা থেকে উত্তরার কয়েকটি স্কুল-কলেজের শিক্ষার্থীরা উত্তরার জসীমউদ্দীন মোড়ে অবরোধ করেন। এ সময় পুলিশ ও র্যাবের সঙ্গে তাদের কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ফলে যানচলাচল বন্ধ হয়ে যায় উত্তরা-বিমানবন্দর সড়কে। এছাড়া রামপুরা ব্রিজ এলাকাতেও শিক্ষার্থীদের অবস্থান নিতে দেখা গেছে।
এদিকে, দুপুর ১২টার দিকে সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন সিটি কলেজ, ধানমন্ডি আইডিয়ালসহ বেশ কয়েকটি স্কুল-কলেজের শিক্ষার্থীরা। এতে মিরপুর রোড, নীলক্ষেত এবং শাহবাগ থেকে সায়েন্সল্যাব এলাকার যানচলাচল বন্ধ হয়ে যায়। প্রচণ্ড জ্যাম সৃষ্টি ওই এলাকার পার্শ্ব সড়কগুলোতে। শিক্ষার্থীদের অবরোধ ভেদ করে একটি বাস সায়েন্সল্যাব মোড়ের দিকে যাওয়ার চেষ্টা করলে বাসটিতে অগ্নিসংযোগ করা হয়। এসময় পুলিশের সঙ্গে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সায়েন্সল্যাবে হিমাচল পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করা হয়। ধানমন্ডি থানা থেকে ফোন পেয়ে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে বাসের আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিন সকাল থেকে রাজধানীর ফার্মগেটের সড়কে অবরোধ করেন সরকারী বিজ্ঞান কলেজের শিক্ষার্থীরা। অবরোধ থেকে নৌমন্ত্রী শাজাহান খানের পদত্যাগ, নিরাপদ সড়ক ও ঘাতক বাসের চালকের দ্রুত বিচার ও ফাঁসির দাবি ছাড়াও বেশ কয়েকটি দাবি করা হয়। ফার্মগেট ওভারব্রিজের নীচে শিক্ষার্থীদের অবস্থানের কারণে প্রায় দুই ঘণ্টা কারওয়ান বাজার থেকে বিজয় সরণির দুই পাশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ ছিল।
বেলা সাড়ে ১১টার দিকে মিরপুর-১ নম্বর সড়কে অবস্থান নেন ঢাকা কমার্স কলেজের শিক্ষার্থীরা। এ সময় তারা দু’টি বাসে ইটপাটকেল ছুড়ে ভাঙচুর চালান। এ ছাড়াও মিরপুরের বিভিন্ন সড়কে শিক্ষার্থীরা অবস্থান নিয়ে অবরোধ করেন।
গত রোববার (২৯ জুলাই) দুপুরে রাজধানীর বিমানবন্দর সড়কের কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে এমইএস বাস স্ট্যান্ডে জাবালে নূর পরিবহনের দুই বাসের রেষারেষিতে দুই শিক্ষার্থী নিহত হন। একই ঘটনায় আহত হন আরো ১০/১৫ শিক্ষার্থী। পরে জাবালে নূরের তিন গাড়ির দুই চালক ও দুই হেলপারকে আটক করে র্যাব-১।
Design and developed by ওয়েব হোম বিডি