সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০১৭
সুরমা মেইল ডেস্ক :: গাজীপুরের কাপাসিয়ায় শীতলক্ষ্যা নদী থেকে উদ্ধার করা প্রাডো গাড়ির মালিকের সন্ধান পাওয়া গেছে। তার নাম খন্দকার হেফজুর রহমান। সাড়ে পাঁচ মাস আগে জাপা নেতা হেফজুর রহমানকে ওই গাড়িটিসহ অজ্ঞাতরা অপহরণ করে। নদীর তলদেশ থেকে তার ব্যবহৃত গাড়িটি উদ্ধার হলেও হেফজুরের সন্ধান এখনো মিলেনি বলে পরিবারের সদস্যরা দাবি করেছে।
হেফজুরের বাড়ি ব্রাহ্মণবাড়ীয়া জেলার কসবা উপজেলার লক্ষীপুর গ্রামে। তিনি জাতীয় পার্টি (আনোয়ার হোসেন মঞ্জু) থেকে ব্রাহ্মণবাড়ীয়-৪ আসনে সংসদ নির্বাচনে বাইসাইকেল প্রতীকে নির্বাচন করেছিলেন।
উল্লেখ্য, গত ১৯ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে কাপাসিয়া উপজেলার সদর ইউনিয়নের দস্যুনারায়নপুর বাজার সংলগ্ন শীতলক্ষ্যা নদীতে একটি মাছের ঘেরে মাছ ধরার সময় জেলেদের জালে বিলাসবহুল একটি প্রাডো জিপ গাড়ি আটকা পড়ে। পরে পানির নীচ থেকে তা উদ্ধার করা হয়।
গাড়িটি উদ্ধারের পর কাপাসিয়া থানার এসআই মো. দুলাল মিয়া আদালতের অনুমতি নিয়ে গাড়ির চেসিস ও ইঞ্জিন নাম্বার দিয়ে বিআরটিএতে অনুসন্ধান চালায়। এতে গাড়িটির প্রকৃত মালিক ও গাড়ির নাম্বার পাওয়া যায়। ওই গাড়ির মালিকের নাম খন্দকার হেফজুর রহমান। মঙ্গলবার রাতে খন্দকার হেফজুর রহমানের স্ত্রী সালেহা বেগম কাপাসিয়া থানায় এসে নদী থেকে উদ্ধার করা প্রাডো গাড়িটি শনাক্ত করেন।
Design and developed by ওয়েব হোম বিডি