সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০৪ অপরাহ্ণ, জুলাই ১৭, ২০১৮
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে খোয়ারের হাঁস-মুরগি খেতে এসে ধরা পড়েছে একটি অজগর সাপ। অজগরটিকে গুরুতর আহত অবস্থায় শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে চিকিৎসা দেয়া হচ্ছে।
মঙ্গলবার (১৭ জুলাই) সকালে সদর ইউনিয়নের ইছবপুর গ্রামে জনৈক আফতাব মিয়ার বাড়ি থেকে সাপটিকে উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, অনেকদিন ধরে এই অজগরটি আফতাব মিয়ার বাড়িতে এসে তার বাড়িতে পালিত হাঁস-মুরগি খেয়ে ফেলতো। মঙ্গলবার সকালে মুরগি খাওয়ার জন্য সাপটি এলে বাড়ির লোকেরা অজগর সাপটিকে দেখে ফেলে। পরে এটিকে তাড়িয়ে দেওয়ার জন্য লাঠি দিয়ে তার শরীরে আঘাত করতে থাকে। ফলে অজগরটি গুরুতর আহত হয়। এ খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের লোকেরা অজগরটিকে উদ্ধার করে সেবাশ্রমে নিয়ে আসেন।
বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব জানান, অজগর সাপটির শরীরে বেশ কয়েকটি স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাণীটি বেশ আহত হয়েছে। আমরা এটিকে সুস্থ করে তুলতে চিকিৎসা চালিয়ে যাচ্ছি। পুরোপুরি সুস্থ হয়ে উঠলে এটিকে লাউয়াছড়া বনে ছেড়ে দিয়ে আসবো। মূলত বনে প্রাণীদের খাবারের তীব্র সংকট থাকার কারণেই বন্য প্রাণীরা বন ছেড়ে লোকালয়ে আসছে এবং মানুষের হাতে আহত হচ্ছে।
Design and developed by ওয়েব হোম বিডি