সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২৪ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২২
হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকালে শহরের আরডি হল প্রাঙ্গণে কিবরিয়ার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।
কিবরিয়া ফাউন্ডেশনের উদ্যোগে দিনভর বিভিন্ন কর্মসূচি পালন করে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন। আরডি হল প্রাঙ্গণে বেলা ১২টার দিকে শুরু হয় দোয়া মাহফিল ও আলোচনা সভা। এ সময় উপস্থিত অতিথিরা সাবেক অর্থমন্ত্রী কিবরিয়ার জীবনের নানা দিক নিয়ে স্মৃতিচারণ করেন। তারা কিবরিয়া হত্যাকাণ্ডের বিচার বর্তমান সরকারের আমলেই দাবি করেন। সভা শেষে অসহায়-দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।
দিনভর কর্মসূচিতে অংশ নেন সংরক্ষিত আসনের সাবেক এমপি আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, কিবরিয়া ফাউন্ডেশনের উপদেষ্টা অধ্যাপক ইকরামুল ওয়াদুদ, সাধারণ সম্পাদক অনুপ কুমার দেব মনা, বীর মুক্তিযোদ্ধা গোলাম মর্তুজা, পীযুষ চক্রবর্তী প্রমুখ।
২০০৫ সালের ২৭ জানুয়ারি বিকেলে শাহ এএমএস কিবরিয়া হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজারে এক জনসভায় বক্তব্য শেষে যখন মঞ্চ থেকে নেমে বৈদ্যের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় গেটে আসেন তখনই গ্রেনেড হামলা হয় তার ওপর। গুরুতর আহত অবস্থায় ঢাকা নেয়ার পর তিনি মারা যান। এছাড়া ঘটনাস্থলে মারা যান তার ভাতিজা শাহ মঞ্জুরুল হুদা ও এলাকার তিনজন। আহত হন আরো ৭০জন।
ঘটনার পরদিন (২৮ জানুয়ারি) তৎকালীন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুল মজিদ খান বাদী হয়ে হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা করেন। মামলার তদন্ত করে দেশি-বিদেশি বিভিন্ন সংস্থা। হত্যা মামলায় ৪৪ জনের স্বাক্ষ্য গ্রহণ করা হয়েছে। তিন দফা চার্জশিট দেওয়ার পর মামলা দুটি সিলেটের দ্রুত বিচার আদালতে বিচারাধীন।
Design and developed by ওয়েব হোম বিডি