সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০২ পূর্বাহ্ণ, এপ্রিল ২৯, ২০১৮
পরিচালক অনন্য মামুনের বিরুদ্ধে গুরুতর প্রতারণার অভিযোগ তুলেছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা ও সিলেটী বধূ মাহিয়া মাহি। সিনেমার গানের কথা বলে মিউজিক ভিডিওর শুটিং করানোর অভিযোগে শুটিং অসমাপ্ত রেখেই চলে যান এই নায়িকা।
জানা যায়, অনন্য মামুনের ‘তুই শুধু আমার’ ছবির কাজ করছেন মাহি। এ ছবিতে তার বিপরীতে রয়েছেন কলকাতার সোহম ও ওম।
এই ছবিতে কাজের জন্য মাহির শিডিউল নেন পরিচালক। সেই অনুযায়ী শনিবার (২৮ এপ্রিল) এফডিসির ৭ নং ফ্লোরে শুটিং শুরু হয় এবং মাহিও অংশ নেন।
কিন্তু কিছুক্ষণ পর মাহি বুঝতে পারেন সিনেমার গানের কথা বলে তাকে দিয়ে মিউজিক ভিডিওর কাজ করানো হচ্ছে। তখনই সঙ্গে সঙ্গে শুটিংস্থল ত্যাগ করেন তিনি। পরে মাহি আর কাজ করেননি।
এ প্রসঙ্গে মাহি বলেন, ‘আমাকে সিনেমার গানের শুটিংয়ের কথা বললে আমি সিডিউল দেই। প্রায় গানের অর্ধেক কাজ শেষ হওয়ার পর আমি জানতে পারি এটা সিনেমার গান নয়। আমাকে দিয়ে মিউজিক ভিডিও বানানো হচ্ছে। এরপর আর কাজটি করিনি।’
তিনি আরও বলেন, ‘পরিচালকের এমন মিথ্যাচার আমার খারাপ লেগেছে। তিনি অন্যায় করেছেন।’
পরিচালক অনন্য মামুন এ বিষয়ে বলেন, ‘পুরো ব্যাপারটাই ভুল বোঝাবুঝি। মাহির সঙ্গে আমি কথা বলব এই নিয়ে। সবকিছু মিটে যাবে শিগগিরই।’
তবে গানটির প্রযোজক ইয়াসির আরাফাত বলেন, ‘অনন্য মামুনের সঙ্গে গানের মিউজিক ভিডিওর কথা হয়। সে আমাকে বলে এটা মাহিকে দিয়ে শুট করাবে। এরকম ঝামেলা হবে আশা করিনি। নাহলে আমি নিজেই মাহির সঙ্গে কথা বলতাম।’
Design and developed by ওয়েব হোম বিডি