সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১১ পূর্বাহ্ণ, মে ৫, ২০১৮
সিলেট বিভাগের তিন জেলায় বজ্রপাতের আঘাতে স্কুলছাত্রী, পাথর শ্রমিক ও দিনমজুরসহ চার জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (০৪ মে) তিন জেলায় বজ্রপাতে এ মৃত্যুর ঘটনা ঘটে।
হবিগঞ্জ : বাহুবলের পুটিজুরীতে শুক্রবার বজ্রাপাতে কাজী আবুল কালাম (৪২) নামে এক দিনমজুর নিহত হয়েছেন। তিনি পুটিজুরী ইউনিয়নের উত্তর ভবানীপুর গ্রামের বাসিন্দা।
জানা যায়, সকালে কয়েকজন দিনমজুর গুঙ্গিয়াজুরি হাওরে ধান কাটতে যান। দুপুরে হঠাৎ বজ্রপাতে কালাম ঘটনাস্থলেই মারা যান। বিকেলে জেলা প্রশাসকের নির্দেশে ইউএনও (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম নিহতের বাড়ি গিয়ে তার স্বজনের হাতে ২০ হাজার টাকা অনুদান দেন।
এ ছাড়া জেলার বানিয়াচঙ্গে দুপুরে বজ্রপাতে রবি দাস (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি উপজেলার মুড়াআব্দা গ্রামের বাসিন্দা। তিনি সকালে বাড়ির পার্শ্ববর্তী হাওরে ধান কাটতে গিয়েছিলেন।
মৌলভীবাজার : কুলাউড়ার বরমচাল ইউনিয়নের আকুলপুর গ্রামে শুক্রবার বজ্রপাতে লাবণী আক্তার (১৩) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।
লাবণী ওই এলাকার আবদুর রহিমের মেয়ে। সে বরমচাল উচ্চ বিদ্যালয় ও কলেজের ষষ্ঠ শ্রেণির ছাত্রী।
সকালে বাড়ির উঠানে লাবণী কানামাছি খেলছিল। এ সময় বজ্রপাতে সে মাটিতে লুটিয়ে পড়ে। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কুলাউড়া থানার উপ-পরিদর্শক জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সুনামগঞ্জ : তাহিরপুরে বজ্রপাতে শুক্রবার জাফর মিয়া (৪৫) নামের এক পাথর শ্রমিকের মৃত্যু হয়েছে।
নিহত জাফর উপজেলার বাদাঘাট উত্তর ইউনিয়নের গড়কাটি গ্রামের মৃত লাল মাহমুদ ও ৮১ বছর বয়সী বৃদ্ধা মা মেহেরবানুসহ ৯ জনের সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন।
নিহততের পারিবারীক সুত্রে জানা যায়, উপজেলার গড়কাটি গ্রামের জাফর আলী জীবন-জীবিকার তাগিদে শুক্রবার বন্ধের দিন থাকা সত্বেও সকালে বারকি নৌকা নিয়ে পাথর উক্তোলনের জন্য তৈরী হয়ে গ্রামের ঘাটে বাঁধা বারকি নৌকায় অবস্থান করে স্ত্রীকে ভাত আনতে বাড়ি পাঠিয়ে দেন। এ সময় বজ্রপাত পড়লে জাফরের শরীর ঝলসে যায়। প্রায় আধা পর ঘন্টা স্ত্রী জমিলা খাতুন (৩৫) ফিরে এসে দেখেন স্বামীর নিথর দেহ ঝলসে নৌকার ভেতরই পড়ে আছে।
পরে পরিবারের লোকজন ঘাট থেকে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে। স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়।
উপজেলা নির্বাহি কর্মকর্তা পুর্ণেন্দু দে শুক্রবার বিকেলে বলেন, নিহত জাফরের পরিবারকে সরকারিভাবে সহায়তার উদ্যোগে নেয়া হবে।
Design and developed by ওয়েব হোম বিডি