সিলেট ১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:২৫ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০২৬
নিজস্ব প্রতিবেদক:
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সিলেটে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯০ জনে।
রোববার (১১ অক্টোবর) সিলেট বিভাগীয় পরিচালকের (স্বাস্থ্য) কার্যালয় থেকে প্রকাশিত হাম ও রুবেলা-সংক্রান্ত দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য দপ্তরের প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে নিশ্চিত কোনো হামের রোগী শনাক্ত না হলেও সন্দেহজনক উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় ৩ শিশুর মৃত্যু হয়।
মৃত শিশুরা হলো- সিলেটের কোম্পানীগঞ্জের বিলাল আহমেদের ৬ মাস বয়সী ছেলে আরাব, সুনামগঞ্জের দিরাই উপজেলার সাইদুল আলমের ১৪ মাস বয়সী মেয়ে ইবা আক্তার এবং সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার জান্নাত মিয়ার ১০ মাস বয়সী ছেলে রাইয়ান। তারা সবাই সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল।
প্রতিবেদন থেকে আরও জানা যায়, শেষ ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে নতুন করে ১৩০ জন সন্দেহজনক হামে আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে পুরো বিভাগে মোট ৫১৫ জন সন্দেহজনক হামের রোগী হাসপাতালে চিকিৎসাধীন।
চিকিৎসাধীন রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ভর্তি রয়েছেন সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৮০ জন এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৭২ জন।
(সুরমামেইল/এমকে)
Design and developed by ওয়েব হোম বিডি