সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২৪ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০১৯
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শিমুলতলা গ্রামের তরিব উল্লা হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড ও তিন জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে সুনামগঞ্জের অতিরিক্ত দায়রা জজ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আব্দুন নূর (৪০) শিমুলতলা গ্রামের গুলে ফরমুজের ছেলে। তাকে আরও ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
ওই মামলায় যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্তরা হলো- শিমুলতলা গ্রামের আক্রম আলীর ছেলে হাবিবুর রহমান (৪৫), আব্দুল মান্নানের ছেলে ইদ্রিছ মিয়া (৪৭), গুলে ফরমুজের ছেলে শাহানূর মিয়া। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ২০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।
আদালত সূত্রে জানায় যায়, ২০১৬ সালের ২১ এপ্রিল রাতে তাহিরপুর উপজেলার শিমুলতলা গ্রামে দেশিয় অস্ত্র নিয়ে তরিব উল্লার বাড়িতে হামলা চালায় আসামিরা।
এ সময় তরিব উল্লার স্বজনরা তাদের প্রতিরোধ করার চেষ্টা করলে তরিব উল্লাহসহ কয়েকজন আহত হন। গুরুতর আহত তরিব উল্লাহকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
উক্ত ঘটনায় ২২ এপ্রিল দেলোয়ার হোসেন তাহিরপুর থানায় ৬ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
আসামিদের মধ্যে বজলুর রহমান ও তানজু মিয়া বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দেন আদালত।
সুনামগঞ্জ জজ আদালতের পিপি অ্যাডভোকেট খায়রুল কবির রুমেন এই তথ্য নিশ্চিত করেছেন।
Design and developed by ওয়েব হোম বিডি