সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০৫ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০২১
দিরাই ও জুড়ী প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাইয়ে হাওরে ধান কাটার সময় বজ্রপাতে দুই ভাই ও মৌলভীবাজারের সীমান্তবর্তী জুড়ী উপজেলায় বজ্রপাতে শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত আরও ৩ জন।
বুধবার (২৮ এপ্রিল) সকালে দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের মধুরাপুর গ্রামে এবং জুড়ী উপজেলার ফুলতলা চা বাগানে এ ঘটনা ঘটে।
জুড়ীতে নিহতরা হলেন- ফুলতলা চা বাগানের নন্দ ভূমিজের ছেলে রমণ ভূমিজ (২৭) ও একই চা বাগানের শ্যামল ভূমিজের মেয়ে ললিতা ভূমিজ (১৩)।
দিরাইয়ে নিহতরা হলেন- সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের মধুরাপুর গ্রামের ফজলু ও ফখরুল। আহতরা হলেন- শাহেব, নুর হাবিব ও লাদেন। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।
দিরাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান বলেন, হাওরে ধান কাটার সময় বজ্রপাতে দুই ভাই মারা গেছেন। এ ছাড়া আরও ৩ জন আহত হয়েছেন।
এদিকে, জুড়ি উপজেলার ফুলতলা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ইমতিয়াজ গফুর মারুফ জানান, সকাল সাড়ে ৯টার দিকে এই এলাকায় বৃষ্টি নামে। বৃষ্টির একপর্যায়ে বিকট শব্দে নন্দ ভূমিজের ঘরে বজ্রপাত আঘাত হানে। এ সময় ঘরে থাকা রমণ ভূমিজ ও ললিতা ভূমিজ ঘটনাস্থলেই মারা যান।
জুড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী বলেন, বজ্রপাতে দুজন মারা গেছেন। এদের একজন শিশু আর আরেকজন চা শ্রমিক। ঘটনার সময় তারা বাড়িতেই ছিলেন।
Design and developed by ওয়েব হোম বিডি