সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২২ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০১৯
মজুরি বৈষম্যের অভিযোগ তুলে তা দ্রুত সংশোধনের দাবিতে শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ার তৈরি পোশাক শ্রমিকরা টানা সপ্তম দিনের মতো বিক্ষোভ করেছে।
রোববার (১৩ জানুয়ারি) সকালে শিল্পাঞ্চল আশুলিয়ার বিভিন্ন কারখানার তৈরি পোশাক শ্রমিকরা কারখানায় প্রবেশ করলেও কাজ না করে কার্ড পাঞ্চ করে বের হয়ে যান। পরে বিক্ষুব্ধ শ্রমিকরা বাইপাইল-আবদুল্লাহপুর মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন।
এ সময় পুলিশ সদস্যরা শ্রমিকদের রাস্তা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে উভয়পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট, টিয়ারশেল ও জলকামান ব্যবহার করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এরপর বিক্ষুব্ধ শ্রমিকরা মহাসড়কের বিভিন্ন সংযোগ সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে।
এসময় পুলিশের সঙ্গে দফায় দফায় ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ২০ শ্রমিক আহত হন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্প এলাকা কারখানাগুলো বন্ধ ঘোষণা করা হলে শ্রমিকরা ধীরে ধীরে বাসায় ফিরে যান।
আশুলিয়ার বেরন এলাকার শারমিন গ্রুপের এম ডিজাইন কারখানার এইচআর অ্যাডমিন ম্যানেজার মো. আনোয়ার হোসেন বলেন, আমাদের কারখানায় কোনো শ্রমিক বিক্ষোভ নাই। সকালে কারখানার শ্রমিকরা শান্তভাবে ভেতরে প্রবেশ করে কাজে যোগ দেয়।
তিনি বলেন, কিছুক্ষণ পর বহিরাগত একটি গ্রুপ এসে আমাদের কারখানায় ইটপাটকেল নিক্ষেপ করে ভাঙচুর চালায়। এ সময় আমরা বাধ্য হয়ে কারখানাটি ছুটি দিলে শ্রমিকরা বের হয়ে চলে যায়।
তৈরি পোশাক কারখানার এই কর্মকর্তা অভিযোগ করে বলেন, আমাদের কারখানার শ্রমিকরা স্বাভাবিকভাবে কাজ করে আসছে। কিন্তু ভুঁইফোড় কিছু শ্রমিক সংগঠনের নামে একটি গ্রুপ দেশের পোশাকশিল্প খাতকে অস্থিতিশীল করতে পরিকল্পিতভাবে এ ধরনের শ্রমিক অসন্তোষ সৃষ্টি করছে।’
তবে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শ্রমিক কারখানা মালিকদের এমন অভিযোগকে উড়িয়ে দিয়ে বলেন, আমরা কারো প্ররোচনায় নয়, নিজেদের স্বার্থে যৌক্তিক দাবিতে আন্দোলন করছি।
আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ রেজাউল হক দিপু বলেন, শ্রমিকরা সকালে কারখানা থেকে একযোগে বের হয়ে বাইপাইল-আবদুল্লাহপুর সড়ক, জিরাবো বিশমাইল সড়কসহ বিভিন্ন শাখা সড়কে অবস্থান নেয়। একপর্যায়ে শ্রমিকরা ভাঙচুরের চেষ্টা করলে আমরা তাদেরকে প্রতিহত করি।
তিনি জানান, শ্রমিক বিক্ষোভের ঘটনায় অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। অন্যদিকে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্প এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি বিজিবির টহল অব্যাহত রয়েছে।

কাল থেকে শ্রমিকরা কাজে না ফিরলে বেতন-কারখানা বন্ধ
এদিকে, আগামীকাল (সোমবার) থেকে শ্রমিকরা কারখানায় কাজ না করলে কোনো মজুরি প্রদান করা হবে না বলে জানিয়েছে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। শ্রম আইনের ১৩ এর ১ ধারা অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য গার্মেন্টস কারখানা বন্ধ করে দেওয়া বলে সাফ জানিয়ে দিয়েছেন বিজিএমইএ’র সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান।
রোববার দুপুরে পোশাক শিল্পে উদ্ভূত পরিস্হিতি বিষয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান বিজিএমইএ সভাপতি।
নতুন মজুরি কাঠামো অনুযায়ী প্রতিশ্রুত মজুরি এবং মজুরি কাঠামোর পরিবর্তনের দাবিতে গত বেশ কয়েকদিন ধরেই কাজ বন্ধ রেখে আন্দোলন চালিয়ে আসছেন পোশাক শ্রমিকরা।
শ্রমিকদের উদ্দেশে বিজিএমইএ সভাপতি বলেন, আপনারা কর্মস্থলে ফিরে যান, উৎপাদন কাজে অংশগ্রহণ করুন। আর যদি আগামীকাল থেকে আপনারা কারখানায় কাজ না করেন, তাহলে আপনাদের কোনো মজুরি প্রদান করা হবে না (নো ওয়ার্ক নো পে)। একই সঙ্গে ওই কারখানা শ্রম আইনের ১৩/১ ধারা মোতাবেক অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়া হবে।
তিনি শ্রমিকদের উদ্দেশ্য করে তিনি বলেন, আগামীকাল থেকে যদি কারখানায় আপনারা কাজ না করেন তাহলে কোনো মজুরি দেওয়া হবে না। অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ করে দেওয়া হবে। এই প্রথম আমরা এ ধরনের নির্দেশনা দিচ্ছি। মজুরি কাঠামোতে বৈষম্য আছে বলে শ্রমিকদের উসকানি দিয়ে পোশাক শ্রমিকদের অশান্ত করা হচ্ছে। মজুরি কাঠামো নিয়ে আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই। একটি স্বার্থান্বেষী মহল এই অরাজক পরিস্থিতির সৃষ্টি করছে। এই শিল্প নিয়ে ছিনিমিনি খেলবেন না। কারখানা বন্ধ হয়ে গেলে সবচেয়ে ক্ষতিগ্রস্থ হবেন শ্রমিকরাই।
আপনাদের সরলতার সুযোগ নিয়ে এ দেশের অর্থনীতির প্রাণ ও প্রধান কর্মসংস্থানের খাত নিয়ে কেউ ছিনিমিনি খেলবে তা হতে দেবেন না। এ খাতটি ধ্বংস হলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবেন শ্রমিকরা। কর্মহীন হবেন তারা। কারণ, কর্মসংস্থানের ব্যবস্থা করা হতে পারে এমন কোনো খাত এখনও গড়ে ওঠেনি।
কারখানা বন্ধের সিদ্ধান্তের ব্যাপারে বিজিএমইএ সভাপতি বলেন, কাজ করলে তো কারখানা বন্ধের প্রয়োজন নেই। আজ যে সিদ্ধান্ত আসবে তা যদি তারা মেনে না নেন, আমরা কাল থেকে কারখানা বন্ধের সিদ্ধান্ত বাস্তবায়ন করবো।
আন্দোলনে ক্ষতির বিষয়ে এক প্রশ্নের উত্তরে তিনি বলে, একেক জনের লস একেক রকম। সবচেয়ে বড় লস ইমেজের। টাকার লস কোনো না কোনোভাবে পুষিয়ে নেয়া যায়। আমরা পুষিয়ে নিতে পারি৷ কিন্তু বহির্বিশ্বে ভাবমূর্তির যে ক্ষতি হয়, সেটাই বড় ক্ষতি। কোনো একবার ভাবমূর্তির ক্ষতি হলে সেটা পুষিয়ে নিতে ২ থেকে ৩ বছর সময় লেগে যায়।
সিদ্দিকুর রহমান বলেন, নির্বাচনের আগে বলেছিলাম একটি মহল উসকানি দিচ্ছে। দুঃখের বিষয় হলো এখনো পরিস্থিতির উন্নতি হয়নি। নতুন মজুরি কাঠামোতে বৈষম্য আছে বলে একটি মহল উসকানি দিচ্ছে৷ খাতটিকে নৈরাজ্যকর পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে।
তিনি বলেন, মজুরি কাঠামোর ৩, ৪ ও ৫ গ্রেডে যদি সমস্যা থাকে সরকার গঠিত ত্রিপক্ষীয় কমিটি তা সমন্বয় করবে, সেখানে সবাই সিদ্ধান্ত নিয়েছেন- বেশি ছাড়া মজুরি কারো কমবে না। সবাইকে কাজে ফিরে যাওয়ার আহ্বান জানানো হয়েছিল, কিন্তু সেই আহ্বানকে অগ্রাহ্য করে তারা কারখানা ভাঙচুর করছে।
এক প্রশ্নের উত্তরে বিজিএমইএ সভাপতি বলেন, নতুন কাঠামো অনুযায়ী বেতন দেয়া হচ্ছে। কিছু ব্যতয় হলে সেখানেও পরিশোধ করে দেয়া হবে। তবে আমরা দেখেছি যেখানে নতুন ওয়েজ অনুযায়ী বেতন দেয়া হয়েছে সেসব কারখানায় বেশি ভাঙচুর করা হয়েছে।
এ সময় সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন এফবিসিসিআই এর সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, বিজিএমইএ-এর সাবেক সভাপতি আবদুস সালাম মুর্শেদী, আতিকুল ইসলাম, বিজিএমইএ এর সহ-সভাপতি মোহাম্মদ নাসির।
Design and developed by ওয়েব হোম বিডি