সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩০ অপরাহ্ণ, মে ২১, ২০২১
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলায় একদিনেই বৃদ্ধসহ তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনজনের পরিবারেরই দাবি তারা আত্মহত্যা করেছেন। শুক্রবার (২১ মে) নবীগঞ্জ ও চুনারুঘাট উপজেলায় এসব ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নবীগঞ্জ পৌরসভার গন্ধা গ্রামের মো. লেচু মিয়ার ছেলে মো. খালেদ মিয়া, পশ্চিম তিমিরপুরের লালু মিয়া তালুকদারের ছেলে নজির মিয়া তালুকদার ও চুনারুঘাটের কোণাগাঁওয়ের আব্দুল হামিদের ছেলে ফারুক মিয়া।
নবীগঞ্জ থানার ওসি মো. ডালিম আহমেদ জানান, বৃহস্পতিবার রাতে গন্ধা গ্রামের খালেদ মিয়া খাবার খেয়ে বাইরে যান। অনেকক্ষণ পরও ফিরে না আসায় পরিবারের সদস্যরা খুঁজতে বের হয়ে বাড়ির পাশের একটি গাছে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক খালেদ মিয়াকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, পশ্চিম তিমিরপুরের নজির মিয়া বৃহস্পতিবার রাতে নিজের ঘরে ঘুমিয়ে ছিলেন। ভোরে তাকে ঘরে না পেয়ে পরিবারের লোকজন খুঁজতে গিয়ে বাড়ির পাশের পুকুরপাড়ে একটি গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। শুক্রবার সকালে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
ওসি জানান, দুইজনের পরিবারই দাবি তারা আত্মহত্যা করেছেন। যদিও আত্মহত্যার নির্দিষ্ট কারণ কেউই বলতে পারেননি। পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই প্রকৃত কারণ জানা যাবে।
চুনারুঘাট থানার ওসি আলী আশরাফ জানান, কোণাগাঁওয়ের ফারুক মিয়া শুক্রবার সকালে কাজের জন্য বাড়ি থেকে বের হন। কিছুক্ষণ পর ফিরে এসে বিছানায় শুয়ে পরেন। ওই সময় তিনি বমি করতে শুরু করলে পরিবারের লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। ধারণা করা হচ্ছে- বিষক্রিয়ার কারণে এ ঘটনা ঘটেছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর মুল কারণ জানা যাবে।
Design and developed by ওয়েব হোম বিডি