সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০৮ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০২১
হবিগঞ্জ প্রতিনিধি : মোদিবিরোধী আন্দোলনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে হবিগঞ্জেও হেফাজতে ইসলামের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল পালিত হচ্ছে। এতে গোটা জেলা অচল হয়ে পড়েছে। বন্ধ রয়েছে যান চলাচল।
রোববার (২৮ মার্চ) ভোর থেকে জেলার বিভিন্ন উপজেলায় রাস্তায় নেমে পড়েছে হেফাজতের নেতাকর্মীরা। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে রাস্তা বন্ধ করে পিকেটিং করে থাকতে দেখা যায়।
সরজমিনে ঘুরে দেখা যায়, ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার মৌচাক নামকস্থানে মাওলানা আব্দুল খালিক ও মাওলানা আজিজুর রহমান মানিকের নেতৃত্বে কাপনের কাপড় পড়ে রাস্তা বন্ধ রেখেছে হেফাজত।
এছাড়াও সদর উপজেলার ধুলিয়াখাল পয়েন্টে মাওলানা লোকমান সাদীর নেতৃত্বে রাস্তায় গাছ ফেলে পিকেটিং করেছে হরতাল সমর্থকরা। বানিয়াচং, মাধবপুর উপজেলায়ও হেফাজতের কর্মী সমর্থকরা রাস্তায় হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে। হরতাল পালনে কোনো ধরনের বাধা দিলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন হেফাজতে ইসলামের নেতাকর্মীরা।
এদিকে হরতালের কারণে জেলা বাস স্ট্যান্ড থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো বাস। আঞ্চলিক সড়কগুলোতেও বাস এবং গাড়িসহ চলাচল করছে না কোনো ধরনের যানবাহন। এছাড়া বাস কাউন্টারে কোনো যাত্রীদের ভিড়ও দেখা যায়নি।
অন্যদিকে হেফাজতে ইসলামের ডাকা হরতালে নাশকতা ঠেকাতে জেলায় কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশের পাশাপাশি মাঠে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ।
Design and developed by ওয়েব হোম বিডি