সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৪৮ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০২২
হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের দুই উপজেলা ও দুটি পৌরসভায় দুই হাজার ২শ’ কৃষকের মাঝে বিনামূল্যে সরকারি প্রণোদনা কর্মসূচির বীজ, রাসায়নিক সার এবং ৭০ শতাংশ ভর্তুকি মূল্যে ধান কাটার মেশিন বিতরণ করা হয়েছে।
বুধবার (০৬ এপ্রিল) দুপুরে হবিগঞ্জ সদর উপজেলা পরিষদের সভাকক্ষে প্রধান অতিথি হিসেবে প্রণোদনা বিতরণের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবু জাহির এমপি। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজরাতুন নাঈম।
অনুষ্ঠানে চলতি অর্থবছরে খরিপ-১ মৌসুমে আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় দুই হাজার ২শ’ জন কৃষকের প্রত্যেককে ৫ কেজি ধান বীজ ও ৩০ কেজি করে রাসায়নিক সার প্রদান করা হয়। এ সময় ৬৫ লাখ টাকা দামের দুটি ধান কাটার মেশিন ৭০ শতাংশ ভর্তুকিতে দুইজন কৃষককে দেওয়া হয়েছে।
এই প্রণোদনা পেয়েছেন- হবিগঞ্জ সদর উপজেলা, শায়েস্তাগঞ্জ উপজেলা, হবিগঞ্জ পৌরসভা এবং শায়েস্তাগঞ্জ পৌরসভার কৃষকরা। প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াছিন আরাফাত রানা, উপজেলা কৃষি কর্মকর্তা সুকান্ত ধর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম প্রমুখ।
Design and developed by ওয়েব হোম বিডি