সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২০ অপরাহ্ণ, মার্চ ১৪, ২০২১
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কে মোটসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে শেখ মো. রাজু (৩৫) নামে এক প্রবাসী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।
শনিবার (১৩ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বানিয়াচং থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরান হোসেন।
নিহত রাজু বানিয়াচং উপজেলার খাড়াউড়া ইউনিয়নের গুনই গ্রামের ইউসুফ আলীর ছেলে।
স্থানীয়রা জানান, শনিবার রাত সাড়ে ৯টার দিকে রাজু তার এক বন্ধুকে নিয়ে শহর থেকে বাড়ি ফিরছিলেন। হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কের বালিখালে ব্রিজে ওঠার সময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। এতে দুইজন আহত হয়।
বানিয়াচং থানা পুলিশের উপ-পরির্শক (এসআই) ফারুক ও স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাদের হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাজুকে মৃত ঘোষণা করেন। অপরজনকে গুরুতর অবস্থায় রাত ১২টার দিকে সিলেটে মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
প্রত্যক্ষদর্শী আয়াত আলী বলেন, দুর্ঘটনার কিছুক্ষণ আগে গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছিল। ধারণা করা হচ্ছে বৃষ্টির সময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক।
নিহত রাজুর মামাতো ভাই এমদাদুল হক হিরু জানান, নিহত রাজু করোনার সময় ওমান থেকে দেশে আসছিল। এরপর আর তিনি যেতে পারেননি। তার পাঁচ বছরের একটি ছেলে সন্তান রয়েছে।
এসআই ফারুক আহমদ জানান, নিহত রাজুর প্যান্টের পকেট থেকে দুটি স্বর্ণের বালা পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, বালাগুলো শহর থেকে নিয়ে বাড়িতে যাচ্ছিলেন।
Design and developed by ওয়েব হোম বিডি