সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫৫ অপরাহ্ণ, জুলাই ৪, ২০২১
মিনু আক্তার
সুরমা মেইল ডেস্ক : ২০০৬ সালে মোবাইলে কথা বলা নিয়ে শুরু আর ২০২১ সালে গাড়ির ধাক্কায় শেষ। মাঝখানে কেটেছে ১৫টি বছর। ঘটেছে নানা নাটকীয়তা। ঝরেছে তিনটি প্রাণ। তছনছ হয়েছে সংসার। আরো কতশত মানসিক যন্ত্রণা।
বলছি চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার রহমতগঞ্জ এলাকায় খুন হওয়া পোশাককর্মী কোহিনুর আক্তার এবং বিনা দোষে তিন বছর সাজাভোগের পর সড়ক দুর্ঘটনায় নিহত হওয়া মিনু আক্তারের কথা। মিনু সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকার বাসিন্দা। এই দুই নারীর সঙ্গে ঘটে যাওয়া নির্মমতার হোতা ছিলেন আরেক নারী। নাম তার কুলসুম আক্তার কুলসুমী।
২০০৬ সালের জুলাইয়ে রহমতগঞ্জ এলাকার একটি বাসায় খুন হন পোশাককর্মী কোহিনুর আক্তার। এরপর বাইরে গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হয় সেই লাশ। সে সময় কোহিনুর আত্মহত্যা করেন বলে দাবি করেছিলেন আরেক পোশাককর্মী কুলসুম আক্তার কুলসুমী।
লাশ উদ্ধারের পর থানায় অপমৃত্যু মামলা হলে তদন্ত শেষে সেটি হত্যাকাণ্ড ছিল বলে নিশ্চিত হয় পুলিশ। সেই হত্যাকাণ্ডের সঙ্গে উঠে আসে কুলসুমীর সংশ্লিষ্টতা। মোবাইলে কথা বলার ঘটনা নিয়ে কোহিনুরকে গলা টিপে হত্যা করেন কুলসুমী। ওই মামলায় ২০১৭ সালের নভেম্বরে তার যাবজ্জীবনসহ ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দেন তৎকালীন অতিরিক্ত চতুর্থ মহানগর দায়রা জজ মো. নুরুল ইসলাম।
এদিকে, সাজা থেকে বাঁচতে নানা পরিকল্পনা আঁটতে শুরু করেন কুলসুমী। এরই অংশ হিসেবে ২০১৮ সালের রমজান মাসে জাকাতের টাকা ও খাদ্যসামগ্রী দেওয়ার কথা বলে মানসিক ভারসাম্যহীন মিনুকে একই এলাকার মর্জিনা আক্তারের মাধ্যমে ডেকে নেন। এরপর মিনুকে আদালতে তোলা হয়। বিচারকের খাসকামরায় যান মিনু। এর আগেই তাকে শিখিয়ে দেওয়া হয় ‘কুলসুম আক্তার’ বলে ডাক দিলে যেন হাত ওঠান তিনি। আর সেই হাত ওঠানোই কাল হয়ে দাঁড়ায় মিনুর। মুহূর্তেই নিরপরাধ ‘মিনু আক্তার’ হয়ে যান ‘কুলসুম আক্তার কুলসুমী’। চলে যেতে হয় কারাগারে।
ওই বছরের ১২ জুন থেকে কারাগারে ছিলেন মিনু। পরবর্তীতে চলতি বছরের ১৮ মার্চ কারাগারের নারী ওয়ার্ড পরিদর্শনে গেলে মিনুর বিষয়টি সিনিয়র জেল সুপার মো. শফিকুল ইসলাম খানের নজরে আসে।
এরপর মিনুকে আদালতে হাজির করা হলে সেখানে তার জবানবন্দি শেষে সংরক্ষিত ছবি সম্বলিত নথিপত্র দেখে কুলসুমী আর মিনু এক নয় বলে নিশ্চিত হয় আদালত। কিন্তু এ মামলার রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল হওয়ায় মামলার উপনথি দ্রুত সময়ের মধ্যে উচ্চ আদালতে পাঠানোর আদেশ দেন বিচারক।
এর পরিপ্রেক্ষিতে ৩১ মার্চ বিষয়টি উচ্চ আদালতের নজরে আনেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। পরে ৭ জুন মিনুকে মুক্তি দিতে নির্দেশ দেন বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মহিউদ্দিন শামীমের সমন্বয়ে গঠিত উচ্চ আদালতের একটি বেঞ্চ। একই সঙ্গে প্রকৃত আসামি কুলসুম আক্তার কুলসুমীকে গ্রেফতারে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়। এছাড়া এ ঘটনায় তিন আইনজীবী ও এক ক্লার্ককে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়।
পরবর্তীতে ১৬ জুন দুপুরে মিনুর মুক্তির আদেশ দেন চট্টগ্রামের অতিরিক্ত চতুর্থ মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালত। সব আইনি প্রক্রিয়া শেষে ওইদিন বিকেলে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে বের হন তিনি।
মিনুর পরিবার জানায়, অনেক খোঁজাখুঁজির পরও মিনুর সন্ধান না পেয়ে তার তিন সন্তানকে ভর্তি করিয়ে দেওয়া হয় এতিমখানায়। সম্প্রতি এতিমখানা থেকেও বের করে দেওয়া হয় তাদের। এরপর মিনুর বড় ছেলে চাকরি নেয় চায়ের দোকানে। অপর ছেলে নানার বাড়িতে আশ্রয় নেয়। আর নানার বাড়িতেই মারা যায় একমাত্র শিশুকন্যা জান্নাত।
এদিকে, ২৮ জুন রাতে নগরীর বায়েজিদ বোস্তামী থানার বায়েজিদ লিংক রোডে গাড়ির ধাক্কায় নিহত হন মিনু। পরিচয় না পেয়ে ময়নাতদন্ত শেষে বেওয়ারিশ হিসেবে তাকে দাফন করে আঞ্জুমানে মফিদুল ইসলাম। দাফনের পাঁচদিন পর ছবি দেখে লাশটি মিনুর বলে শনাক্ত করে তার পরিবার। আর এতেই ঘটে মিনুর অধ্যায়ের সমাপ্তি।
Design and developed by ওয়েব হোম বিডি