সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২৫ অপরাহ্ণ, জুলাই ৮, ২০১৮
তিন জেলায় র্যাব ও পুলিশের মাদকবিরোধী অভিযানকালে ‘বন্দুকযুদ্ধে’ চার যুবক নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাত ও রোববার ভোরে এ বন্দুকযুদ্ধে ঝিনাইদহে দুজন, গাইবান্ধায় এক ও ময়মনসিংহে একজন নিহত হন। র্যাব ও পুলিশের দাবি, নিহতরা মাদক ব্যবসায়ী। তাদের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
ঝিনাইদহ
ঝিনাইদহ র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই ‘মাদক ব্যবসায়ী’ নিহত হয়েছে। শনিবার দিবাগত রাত দু’টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন– শহরের বাঘাযতীন সড়কের সাজ্জাদুর রহমান ও উদয়পুর এলাকার আব্দুল রাজ্জাক। এসময় র্যাবের দুই সদস্য আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।
ঝিনাইদহে র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার সিনিয়র এএসপি গোলাম মোর্শেদ জানান, রাতে শহরের পবহাটি এলাকার একটি বাড়িতে মাদক ব্যবসায়ীরা অবস্থান করছে— এমন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি টহল দল সেখানে অভিযান চালায়। এসময় ‘মাদক ব্যবসায়ীরা’ মোটরসাইকেল যোগে পালানোর সময় র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় র্যাবও পাল্টা গুলি ছোড়ে।আধাঘণ্টা ‘বন্দুকযুদ্ধ’ চলার পর ঘটনাস্থল থেকে সাজ্জাদুর রহমান ও আব্দুল রাজ্জাককে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। পরে সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এসময় গুলিতে র্যাবেরও দুই সদস্য আহত হয়েছেন।
ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে একটি মোটরসাইকেল, ৫৫ বোতল ফেনসিডিল, ১৫২ পিস ইয়াবা ট্যাবলেট এবং দুই রাউন্ড গুলিসহ দুটি শুটারগান।
ময়মনসিংহ
ঈশ্বরগঞ্জ উপজেলায় পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ ফারুক মিয়া (৩০) নামে ১১ মামলার এক আসামি নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহত ফারুক মাদক ব্যবসায়ী। শনিবার দিবাগত রাত সোয়া ২টার দিকে উপজেলার আঠারবাড়ী তেলওয়ারী গণ্ডি মোড় এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ১০০টি ইয়াবা, সাতটি গুলির খোসা, একটি রামদা, একটি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ কবীর জানান, রাতে আঠারবাড়ি বাজারের পাশে কয়েকজন মাদক ব্যবসায়ী মাদক ভাগাভাগি করছে -এমন খবরের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। এ সময় ‘মাদক ব্যবসায়ী’রা পুলিশকে লক্ষ্য করে প্রথমে ইট পাটকেল নিক্ষেপ করে এবং পরে গুলি চালায়। পরে পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে ‘মাদক ব্যবসায়ী’রা পালিয়ে যায়। এসময় ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় ফারুক মিয়া নামের একজনকে উদ্ধার করে পুলিশ। পরে তাকে ময়মনসিংহ মেডিকলে কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গাইবান্ধা
জেলার পলাশবাড়ী উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছে। রোববার ভোরে উপজেলার সাকোয়া ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম ছামছুল হক (৩৮)। তার বাড়িএকই উপজেলার বেতকাপা ইউনিয়নের সাকোয়া গ্রামে।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহারিয়ার জানান, শনিবার দুপুরে ঢোলভাঙ্গা বাজার এলাকায় যৌথভাবে অভিযান চালায় সদর ও সাদুল্যাপুর থানা পুলিশ। এসময় সেখান থেকে ছামছুল হককে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে তাকে সঙ্গে নিয়ে শনিবার মধ্যরাতে ছামছুলের অন্য সঙ্গীদের ধরতে সাকোয়া গ্রামে অভিযানে যায় পুলিশ। এ সময় ছামছুলরে সঙ্গীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে গুলিবিদ্ধ হয় ছামছুল হক। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
ওসি আরো জানান, ছামছুল হক আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তার বিরুদ্ধে সদর, সাদুল্যাপুর ও পলাশবাড়ী থানাসহ বিভিন্ন থানায় হত্যা ও ডাকাতির ১২টি মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে ১০০ পিস ইয়াবা, ৭টি গুলির খোসা, একটি রামদা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ৩ পুলিশ সদস্য আহত হয়েছেন।
Design and developed by ওয়েব হোম বিডি