সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪০ অপরাহ্ণ, জুন ২৬, ২০১৮
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে শতাধিক ভোট কেন্দ্র দখল করে ধানের শীষের এজেন্টদের বের করে দিয়ে জাল ভোট মারার মহোৎসব চলছে বলে অভিযোগ করেছে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
মঙ্গলবার (২৬ জুন) বেলা সাড়ে ১১ টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন বিএনপির এই সিনিয়র নেতা।
রুহুল কবির রিজভী বলেন, ‘গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের যে খবর পাওয়া যাচ্ছে সেটা সুখবর নয়। নির্বাচনকে ঘিরে আমরা বারবার যে আশঙ্কা ও উদ্বেগ এর কথা বলে আসছি আজ তেমনটাই প্রতিফলিত হচ্ছে।’
তিনি বলেন, ‘ভোট গ্রহণের শুরুতেই ভোট কেন্দ্র দখল করে ধানের শীষের এজেন্টদের কেন্দ্রে ডুকতে দেওয়া হয়নি, শতাধিক কেন্দ্রে এজেন্টরা ডুকলেও তাদের বের করে দেওয়া হয়েছে। সরকারি দলের লোকেরা নৌকা প্রতীকে ভোট দিতে এ কাজগুলো করছে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে।’
নির্বাচন কমিশনের সম্পর্কে সমালোচনা করে তিনি বলেন, ‘বর্তমান নির্বাচন কমিশন হচ্ছে ভাঙা হাড়ি। কথায় আছে ভাঙা হাড়ি যেমন জোড়া লাগে না তেমনি আমরা যত অভিযোগই দেই না কেন তারা আইন থাকলেও তা প্রয়োগ করার ক্ষেত্রে বরং সরকারের ইচ্ছা বাস্তবায়ন করতে বদ্ধপরিকর। তাদের কথা আর কাজে কোনো মিল নেই।’
রিজভী আরো বলেন, ‘কেড়ে নাও দখল কর এটাই আওয়ামী লীগের চরিত্র। যা তারা গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে প্রমাণ করেছে। দলীয় সন্ত্রাসীদের ন্যায় অনুগত পুলিশ প্রশাসনকে ব্যবহার করছে। যা অবাধ সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে প্রধান অন্তরায় বলে মনে করছে গাজীপুরের সাধারণ ভোটাররা।’
এ ছাড়া বর্তমান সরকারের সমালোচনা করে এ নেতা বলেন, ‘সরকারের অবস্থা হচ্ছে কয়লার মতো। কয়লা ধুলে যেমন ময়লা যায় না। ঠিক এদের স্বভাব ও কখনো বদলায় না। এরা মরলেও স্বভাব পরিবর্তন করবে না। ৭৫-এও এরা একদলীয় শাসন কায়েম করে গণতন্ত্রকে হত্যা করেছে। এবারও একই কায়দায় বাকশালি শাসন কায়েম করেছে।’
উল্লেখ্য, মঙ্গলবার সকাল ৮টা থেকে গাজীপুরে ভোট গ্রহণ শুরু হয়। সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। এরপর হবে ভোট গণনা। তারপর ফলাফল ঘোষণা করবেন রিটার্নিং কর্মকর্তা। সিটি করপোরেশনের ৫৭টি ওয়ার্ডে ৪২৫টি ভোটকেন্দ্রে ব্যালট পেপার ও অন্যান্য নির্বাচনী সরঞ্জাম রয়েছে। দলীয় প্রতীকে এবারই প্রথম গাজীপুর সিটি করপোরেশনে নির্বাচন হচ্ছে।
Design and developed by ওয়েব হোম বিডি