সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১৩ অপরাহ্ণ, জুন ৩০, ২০১৮
হবিগঞ্জে সরকারি বৃন্দাবন কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। গুরুতর অবস্থায় ১০ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে।
শনিবার (৩০ জুন) দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় কলেজর বিভিন্ন কক্ষে ব্যাপক ভাংচুর চালানো হয়।
জানা যায়, কলেজে একাদশ শ্রেণিতে আগে শিক্ষার্থী ভর্তি নিয়ে ছাত্রলীগের দুই কর্মীর মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
দফায় দফায় চলা এ সংঘর্ষ ছড়িয়ে পড়লে কলেজের আশপাশ রণক্ষেত্রে পরিণত হয়। খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হকের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষে আহতদের মধ্যে বৃন্দাবন কলেজ ছাত্রলীগ নেতা মো. আফরোজ হোসেন, ছাত্রলীগকর্মী সাহান মিয়া, হাফিজ উদ্দিন, শাহনুর আহমেদ, সুমেল মিয়া, মনির হোসেন, নিয়ল মিয়া, ছারোয়ার হোসেন, মোমিন মিয়া, আফজল মিয়া, শিপন মিয়া, রাসেল মিয়া, আরিফুর রহমান, করিম আহমেদ ও আব্দুল্লাহ কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় কলেজ ক্যাম্পাস এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক জানান, কলেজ ক্যাম্পাস এলাকায় বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। পুণরায় সংঘর্ষ এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান জানান, কলেজে দুই দল ছাত্রের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ছাত্রলীগের মধ্যে কোন গ্রুপিং নেই। তাছাড়া ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। এছাড়াও কলেজে এ ঘটনার সাথে যারা জড়িত তা দেখা হচ্ছে।
Design and developed by ওয়েব হোম বিডি