সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪০ অপরাহ্ণ, জুলাই ৩, ২০১৮
গাজীপুরে ফোম কারখানার আগুন প্রায় পাঁচ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। আগুন নেভাতে গিয়ে এক নিরাপত্তাকর্মী দগ্ধ হয়েছেন।
এ অগ্নিকান্ডে ৬০ থেকে ৭০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন কারখানার মালিক ও ব্যবস্থাপনা পরিচালক নাসিমুল আলম চৌধুরী।
এর আগে মঙ্গলবার (০৩ জুলাই) ভোর ৫টার দিকে টঙ্গীর বড়বাড়ি জয়বাংলা রোড এলাকায় বানজিং বাংলাদেশ নামের ওই কারখানায় আগুন লাগে।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা জাকির হোসেন জানান, খবর পেয়ে জয়দেবপুর, টঙ্গী ও উত্তরা ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় পাঁচ ঘণ্টার চেষ্টায় সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
টিনশেড ওই কারখানা ও সংলগ্ন গুদামে প্রচুর ফোম ও সিনথেটিক কাপড়ের মজুদ থাকায় আগুন নেভাতে সময় লাগে। তবে কিভাবে আগুন লেগেছে তা এখনো জানতে পারেননি বলেও জানান জাকির হোসেন।
আগুন নেভাতে গিয়ে এক নিরাপত্তাকর্মী দগ্ধ হয়েছেন জানিয়ে ফায়ার সার্ভিস কর্মকর্তা জাকির জানান, জামান নামে আহত ওই কর্মীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
Design and developed by ওয়েব হোম বিডি