সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২৪ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০১৮
জাল ভোটের প্রতিবাদ করায় বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে বাসদের মেয়র প্রার্থী ডা. মনীষা চক্রবর্তীর ওপর হামলা হয়েছে। আজ (সোমবার) সকাল সাড়ে ৯টার দিকে সরকারি মহাবিদ্যালয় ভোটকেন্দ্রে তাঁর ওপর হামলা চালায় দুর্বৃত্তরা।
পরে মনীষা চক্রবর্তী অভিযোগ করেন, সরকারি মহাবিদ্যালয় কেন্দ্রে গিয়ে তিনি দেখতে পান, সেখানে নৌকা মার্কার পক্ষে জাল ভোট দেওয়া হচ্ছে। নৌকা মার্কায় আগে থেকে সিলমারা ব্যালট পেপার দেখতে পান তিনি। তাৎক্ষণিকভাবে তিনি এর প্রতিবাদ করেন। এ সময় আওয়ামী লীগের পোলিং এজেন্টরা তাঁর ওপর চড়াও হয়। তাঁকে মারধর করে মেঝেয় ফেলে দেয় তারা। এ ঘটনায় মনীষার বাঁ হাতে আঘাত লাগে। হাতে ব্যান্ডেজ করা হয়েছে।
হামলার ঘটনায় বরিশাল সিটি নির্বাচন স্থগিত করার দাবি জানান বাসদের মেয়র প্রার্থী মনীষা।
ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থীর ভোট বর্জন
বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট কারচুপির অভিযোগে ইসলামী আন্দোলনের (হাতপাখা) মেয়রপ্রার্থী হাফেজ মাওলানা ওবাইদুর রহমান মাহবুব ভোট বর্জন করেছেন।
সোমবার বেলা ১১টার দিকে সদরের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ভোট বর্জনের ঘোষণা দেন তিনি।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, সকাল ৮টার দিকে ভোট শুরুর পরই সরকারদলীয় মেয়রপ্রার্থীর সমর্থকরা কেন্দ্রে ঢুকে জালভোট দেন। এতে ভোটের পরিবেশ নষ্ট হয়েছে। এ কারণেই ভোট বর্জন করেছে ইসলামী আন্দোলন।
ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়া হয়েছে : সরোয়ার
বিএনপির ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বরিশাল সিটি করপোরেশনে দলটির মেয়র প্রার্থী মো. মজিবর রহমান সরোয়ার।
আজ সকাল ৮টার দিকে নগরীর সৈয়দা মজিদুন্নেছা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়ার পর সরোয়ার এ অভিযোগ করেন। মেয়র প্রার্থী বলেন, ‘পরিস্থিতি থমথমে। বিএনপির ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়া হয়েছে। নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো সম্ভাবনা দেখছি না। তার পরও যদি শতকরা ২০ ভাগ শান্তিপূর্ণ নির্বাচনও হয়, তাহলে ধানের শীষ জিতবে।’
সুষ্ঠু ভোট হচ্ছে : সাদিক
বরিশাল সিটি করপোরেশনের নির্বাচনে ভোট গ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণ হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।
আজ সোমবার সকালে সরকারি বরিশাল কলেজ কেন্দ্রে ভোট দেওয়ার পর সাদিক এ কথা বলেন।
আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘শেষ পর্যন্ত নির্বাচন সুষ্ঠু এবং শান্তিপূর্ণ হবে, এটা আমার বিশ্বাস। এই নির্বাচনে উন্নয়নের পক্ষে সাধারণ মানুষের যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, তাতে নৌকা জিতবে ইনশাআল্লাহ।’
কেন্দ্র দখল করে নৌকায় সিল
বরিশাল মহানগর পশ্চিম কাউনিয়া এলাকার সৈয়দা মজিদুন্নেছা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র দখল করে নিয়েছে আওয়ামী লীগের লোকজন। কেন্দ্রের বাইরে অপেক্ষমাণ ভোটারদের দীর্ঘ সারি থাকলেও তারা ভেতর ঢুকতে পারছেন না। ভেতরে শতাধিক ব্যক্তি মেয়র পদের ব্যালটে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে গণহারে সিল মারছে। এই স্কুলে দুটি কেন্দ্র। রয়েছে ১৫টি বুথ।
এর আগে সকাল ৯টার দিকে কেন্দ্রে জালভোট দেয়ার অভিযোগে ওই কেন্দ্রে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। পরে পুলিশ ও বিজিবির সদস্যরা পরিস্থিতি সামাল দেন।
বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে ছয়জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ (নৌকা), বিএনপির মো. মজিবর রহমান সরোয়ার (ধানের শীষ), ইসলামী আন্দোলন বাংলাদেশের ওবায়দুর রহমান মাহবুব (হাতপাখা), বাংলাদেশের কমিউনিস্ট পার্টির আবুল কালাম আজাদ (কাস্তে), বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের মনীষা চক্রবর্তী (মই) ও জাতীয় পার্টির প্রার্থী মো. ইকবাল হোসেন (লাঙ্গল)।
Design and developed by ওয়েব হোম বিডি