সিলেট ৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০১৮
বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর এলাকায় অভিযান চালিয়ে পুরাতন জেএমবির রাজশাহী ও রংপুর বিভাগের শীর্ষস্থানীয় দুই নেতাসহ সামরিক শাখার পাঁচ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দু’টি বিদেশি পিস্তল, ১০ রাউন্ড গুলি, তিনটি চাকু ও হ্যান্ডকাপ জব্দ করা হয়।
বুধবার (০৫ সেপ্টেম্বর) দুপুরে বগুড়া জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা বিপিএম এ বিষয়ে প্রেসব্রিফিং করেন।
তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ হেড কোয়ার্টার্সের ইনটেলিজেন্স শাখা ও বগুড়া জেলা পুলিশের গোয়েন্দা শাখার যৌথ অভিযানে গত মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় বগুড়া জেলার শেরপুর উপজেলার মির্জাপুরের রানীহাটের এক দোকানের সামনে থেকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের নিকট থেকে ১টি বিদেশি ৭.৬৫ এম এম পিস্তল, ১টি সচল বিদেশি ৯ এম এম পিস্তল, ২ টি ম্যাগজিন, ১০ রাউন্ড পিস্তলের গুলী, ৩ টি বার্মিজ ছোরা, ১ জোড়া হ্যান্ডকাপ উদ্ধার করে।
এরা রাজশাহী ও রংপুর বিভাগের পুরাতন জেএমবির সক্রিয় সদস্য। এদের মধ্যে শীর্ষস্থানীয় ২ নেতা সহ ৫ সামরিক শাখার সদস্য রয়েছে।
গ্রেফতারকৃতরা হলো- জামালপুর জেলার বড়ইকুড়া গ্রামের মৃত লোকমান আলীর পুত্র শহিদুল্লাহ মাসুম গোপাল (৪৬)। সে রাজশাহী ও রংপুর বিভাগের ইছাবার প্রধান পুরাতন জেএমবি’র আছির (জেলবন্দি) বিভাগীয় প্রধান, রাজশাহী বিভাগীয় ইছাবা (সামরিক) প্রধান রাজশাহী জেলার বেলপুকুরের আকবর আলীর ছেলে বুলবুল ওরফে সোহাগ (৩২), একই এলাকার একরামুল হকের ছেলে ইছাবা সদস্য মাসুদ রানা (৩১), রাজশাহী জেলার চারঘাট থানার আস্কোরপুর এলাকার শ্রী উৎপল হাজরার পুত্র নবমুসলিম আতিকুর রহমান সৈকত (৩৩) ও একই এলাকার ইছাবা সদস্য মৃত আবু তালেবের ছেলে মিজানুর রহমান (৩৫) ওরফে দর্জি মিজান।
বগুড়া পুলিশ সুপার আরো জানান, গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে, তারা কয়েকদিন আগে গাজীপুরে পুরাতন জেএমবির প্রধান সমন্বয়ক ও শুরা সদস্য খোরশেদ আলম মাস্টার সহ কয়েকজনের সাথে সাক্ষাত করেছে। সেখানে তাদেরকে অস্ত্র সরবরাহ করে। গ্রেফতারকৃত বুলবুল, মাসুদ, আতিকুর ও দর্জি মিজানের বিরুদ্ধে রাজশাহী জেলার মতিহার থানায় ডিবি পুলিশের পরিচয়ে ডাকাতির মামলা রয়েছে।
গ্রেফতারকৃতদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করা হবে বলে তিনি জানান। মামলা প্রক্রিয়াধিন রয়েছে শেরপুর থানায়। এসময় অতি:পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল, আব্দুল জলিল, সনাতন চক্রবর্তী সহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Design and developed by ওয়েব হোম বিডি