সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০১৯
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের বনগাঁও গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি ঘর পুড়ে ছাই হয়েছে।
শনিবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ওই গ্রামের আব্দুল মজিদের ঘর থেকে আগুনের সুত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান চারদিকে ছড়িয়ে পড়লে একই পরিবারের ৫টি ঘরের আসবাবপত্র, ধান ও নগদ টাকাসহ অন্যান্য জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন- মৃত ছোরাব উল্লার ছেলে ফুল মিয়া, রশিদ মিয়া, আনোয়ার মিয়া, ফুল মিয়ার ছেলে আব্দুল মজিদ ও শাহ নেওয়াজ। ৫টি ঘর সম্পূর্ণ ভস্মীভূত হওয়ায় প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয় তাদের।
ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. আবু তাহের জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ৭০ হাত লম্বা ৫টি রুম বিশিষ্ট একটি ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যাওয়ায় প্রায় ৪-৫ লাখ টাকার ক্ষতি সাধিত হয়।
এ ঘটনায় ক্ষতিগ্রস্তদের সার্বিক সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
Design and developed by ওয়েব হোম বিডি