সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৫৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০১৯
সাময়িক বরখাস্ত হওয়া পুলিশ পরিদর্শক সাইফুল আমিনের পক্ষে বিনা ফিতে আইনি লড়াই করবেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্ট বার ভবনের সামনে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। সংসদের হুইপ শামসুল হক চৌধুরীর বিরুদ্ধে জুয়া থেকে ১৮০ কোটি টাকা আয়ের অভিযোগ আনার পর পুলিশ পরিদর্শক সাইফুলকে বরখাস্ত করা হয়।
ব্যারিস্টার সুমন বলেন, ‘পুলিশ পরিদর্শক সাইফুল আমিনকে বরখাস্ত না করে হুইপের বিরুদ্ধে তিনি যে অভিযোগ এনেছেন কর্তৃপক্ষ তার ব্যাখ্যা চাইতে পারত। কিন্তু তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে বরখাস্ত করা বেআইনি। এতে সৎ পুলিশ অফিসাররা উৎসাহ হারাবেন। এ কারণে আমি তার পক্ষে উচ্চ আদালতে বিনা ফি’তে আইনি লড়াই করব।’
গত মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) পুলিশ পরিদর্শক সাইফুল আমিনকে সাময়িক বরখাস্ত করা হয়। সহকারী পুলিশ মহা পরিদর্শক (এ আইজি পার্সোনাল ম্যানেজমেন্ট-২) এর পক্ষে এআইজি (পিআইও-১) আনোয়ার হোসেন খান স্বাক্ষরিত এক চিঠিতে এই আদেশ দেওয়া হয়।
পুলিশ সদর দফতরের ওই চিঠিতে বলা হয়, বিভাগীয় শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপ, জনসম্মুখে পুলিশ বাহিনীর ভাবমূর্তি ব্যাপকভাবে ক্ষুণ্ন করা, তথা অসদাচরণের দায়ে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮-এর বিধি ১২(১) মোতাবেক চাকরি হতে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালীন তিনি রংপুর রেঞ্জের রংপুরের কার্যালয়ে ডিআইজি হিসেবে সংযুক্ত থাকবেন এবং প্রচলিত বিধি মোতাবেক খোরাকিভাতা প্রাপ্য হবেন।
উল্লেখ্য, ক্যাসিনো বিরোধী অভিযান শুরু হলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পুলিশ পরিদর্শক সাইফুল আমিন অভিযোগ করেন-চট্টগ্রাম আবাহনী ক্লাবের জুয়ার আসর থেকে গতপাঁচ বছরে ক্লাবটির সাধারণ সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ শামসুল হক চৌধুরী ১৮০ কোটি টাকা আয় করেছেন। এরপরই সাইফুল আমিনকে বরখাস্ত করা হয়।
Design and developed by ওয়েব হোম বিডি