সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪৯ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০১৯
মৌলভীবাজার প্রতিনিধি : রাজনগর উপজেলায় অভিযান চালিয়ে চার হাজার ১২২ পিস ইয়াবাসহ আব্দুল আলী ওরফে জিদ্দা (৪২) নামে এক মাদক সম্রাটকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (০৩ অক্টোবর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার মো. ফারুক আহমেদ।
আটককৃত আব্দুল আলী উপজেলার ঘরগাঁও গ্রামের আশ্বর মিয়ার ছেলে।
এর আগে বুধবার (০২ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে রাজনগর উপজেলার ঘরগাঁও গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ।
সংবাদ বিজ্ঞপ্তিতে জেলা পুলিশ সুপার মো. ফারুক আহমেদ জানান, মৌলভীবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল ইসলাম (পিপিএম) ও রাজনগর থানার ওসি আবুল হাসিমের নেতৃত্বে এসআই বিনয় চক্রবর্তী, এসআই দীপক দাসসহ সঙ্গীয় ফোর্স বুধবার রাতে উপজেলার ঘরগাঁও গ্রামে অভিযান চালায়। অভিযানে নিজ বাড়ি থেকে আশ্বর মিয়ার ছেলে মাদক সম্রাট আব্দুল আলীকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে চার হাজার ১২২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ব্যাপারে রাজনগর থানার ওসি আবুল হাসিম জানান, মাদক সম্রাট আব্দুল আলী দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে রাজনগর থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
এছাড়া আটককৃত আসামিকে বৃহস্পতিবার মৌলভীবাজার আদালতে সোপর্দ করা হবে বলেও জানান রাজনগর থানার ওই কর্মকর্তা।
Design and developed by ওয়েব হোম বিডি