সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫৯ অপরাহ্ণ, অক্টোবর ৯, ২০১৯
নিহত শিশু নাইম (ছবি : ফাইল)
নিজস্ব প্রতিবেদক : সিলেটের দক্ষিণ সুরমার আলোচিত শিশু নাঈম হত্যা মামলায় চারজনের ফাঁসির রায় দিয়েছেন আদালত। এছাড়া এক আসামিকে বেকসুর খালাস দেয়া হয়েছে।
বুধবার (০৯ অক্টোবর) বেলা ১২টার সময় সিলেট জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মুহিতুল হক এ মামলার রায় ঘোষণা করেন।
মৃত্যু দণ্ডপ্রাপ্তরা হলেন- দক্ষিণ সুরমা উপজেলার পুরান তেঁতলী গ্রামের প্রয়াত মো. আফতাব আলীর ছেলে মো. ইসমাইল আলী (২২), একই এলাকার মো. ইছহাক মিয়া ওরফে ইছহাক আলীর ছেলে মো. মিঠুন মিয়া (২০) ও তার ভাই রুবেল (১৮), দক্ষিণ সুরমা থানার দক্ষিণ ভার্থখলা ডি ব্লকের ডিপটি ওরফে রুবেলের ছেলে বিপ্লব ওরফে বিপলু (১৮)।
এছাড়া জুনায়েদ হোসেন ওরফে জুনেদ হোসেন (১৯) নামে এক আসামিকে বেকসুর খালাস দেয়া হয়েছে। তার বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার নাদবুদ (সুয়াজিবাড়ী) গ্রামে।
বাদী পক্ষের আইনজীবী গোলাম এহিয়া এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলার রায়ে আমরা সন্তুষ্ট। ফাঁসির রায় দ্রুত কার্যকরের দাবি জানাই।
উল্লেখ্য, ২০১১ সালের ১৪ আগস্ট তারাবির নামাজ পড়তে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় শিশু নাঈম। ৭ দিন পর বাড়ির পাশের একটি জঙ্গল থেকে তার বস্তাবন্দি গলিত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নাঈমের বাবা আব্দুল হক বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে দক্ষিণ সুরমা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
দীর্ঘ তদন্ত শেষে ২০১১ সালের ২৬ নভেম্বর দক্ষিণ সুরমা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হারুন মজুমদার পাঁচজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।
Design and developed by ওয়েব হোম বিডি