সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪০ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০১৯
সুরমা মেইল ডেস্ক : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন এই হত্যাকাণ্ডের অন্যতম আলোচিত আসামি অনিক সরকার।
পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) আবেদনের প্রেক্ষিতে শনিবার (১২ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলাম তার (অনিক সরকার) জবানবন্দি রেকর্ড করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
রিমান্ডে থাকাকালে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হলে তাকে আদালতে নেন ডিবি পুলিশের পরিদর্শক মো. ওয়াহিদুজ্জামান।
গত রবিবার রাত ৮টা থেকে ১২টা পর্যন্ত ফাহাদের ওপর চলে নির্যাতন। এ সময় ফাহাদকে পিটিয়ে হত্যায় ছাত্রলীগের- সকাল, মনির, তানভীর, জেমি, তামিম, সাদাত, রাফিদ, তোহা, অনিকসহ ১০-১২ জন নেতাকর্মীর জড়িত থাকার প্রমাণ মিলে সিসি টিভি ফুটেজে। এদের মধ্যে সবচেয়ে বেশি মারধর করেছে মদ্যপ অনিক বলেও অভিযোগ উঠে।
শেরে বাংলা হলের ২০১১ নম্বর হলে ওইদিন রাতে কি ঘটেছিল এর লোমহর্ষক বর্ণনা দিতে গিয়ে প্রত্যক্ষদর্শী বিটু বলেন, অনিক ভাই মাতাল অবস্থায় একটু বেশি মারছে। তখন ওখানে থাকা আমার জন্য সুরক্ষিত না ভেবে তখনই আমি ওখান থেকে ব্যাগ নিয়ে বের হয়ে আসি।
এ নিয়ে তিনজন আবরার হত্যায় দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিলেন। এর আগে বৃহস্পতিবার বুয়েট ছাত্রলীগের বহিষ্কৃত উপ-সমাজ সেবা সম্পাদক আসামি ইফতি মোশাররফ সকাল ও শুক্রবার মেফতাহুল ইসলাম জিয়ন জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তদারকির নামে গত ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরে বাংলা হলের ২০১১ নম্বর কক্ষে ডেকে নিয়ে আবরারকে পিটিয়ে হত্যা করেন বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। ৫ অক্টোবর ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসের জেরে আবরার ফাহাদকে হত্যা করা হয় বলে অভিযোগ করেছেন তার সহপাঠীরা। এ ঘটনায় আবরারের বাবা বরকতউল্লাহ ১৯ জনকে আসামি করে সোমবার (৬ অক্টোবর) রাজধানীর চকবাজার থানায় হত্যা মামলা দায়ের করেন।
Design and developed by ওয়েব হোম বিডি