নজীরবিহীন ধর্মঘটে ক্রিকেটাররা: কিছুই জানতেন না মাশরাফি

প্রকাশিত: ৩:২৪ পূর্বাহ্ণ, অক্টোবর ২২, ২০১৯

নজীরবিহীন ধর্মঘটে ক্রিকেটাররা: কিছুই জানতেন না মাশরাফি

Manual8 Ad Code

সুরমা মেইল ডেস্ক : ১১ দফা দাবিতে ধর্মঘট ডেকেছে বাংলাদেশের ক্রিকেটাররা। দাবি না মানা পর্যন্ত কোনো ধরনের ক্রিকেটে নিজেদের সম্পৃক্ত করবেন না দেশের ক্রিকেটাররা। চার সিনিয়র ক্রিকেটার সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদের উপস্থিতিতে সোমবার (২১ অক্টোবর) বিকেলে মিরপুর একাডেমি মাঠে এমন ঘোষণা দেন ক্রিকেটাররা।

 

৫০-৬০ জন ক্রিকেটার মিরপুরে উপস্থিত হলেও বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে দেখা যায়নি। মাশরাফির অনুপস্থিতি স্বভাবতই অনেক প্রশ্নের জন্ম দিয়েছিল। এমন দিনে তাঁর না থাকা অবাক করেছিল অনেককেই। ঘটনার ১০ ঘণ্টা পর রাত পৌনে ১২টার দিকে নিজের অফিসিয়াল ফেসবুক পেইজ থেকে মাশরাফি নিজেই তাঁর না থাকার কারণ জানিয়েছেন।

 

তিনি জানিয়েছেন, ক্রিকেটারদের এই আন্দোলন সম্পর্কে তিনি কিছুই জানতেন না। তবে ক্রিকেটারদের প্রতিটি দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন তিনি। এমন আন্দোলনে থাকা না থাকার চেয়ে দাবি আদায় বেশি গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন তিনি।

Manual5 Ad Code

 

পাঠকদের জন্য মাশরাফির ফেসবুক পোস্টটি তুলে ধরা হলো-

Manual2 Ad Code

“অনেকেই প্রশ্ন করছেন যে, দেশের ক্রিকেটের এমন একটি দিনে আমি কেন উপস্থিত ছিলাম না। আমার মনে হয়, প্রশ্নটি আমাকে না করে, ওদেরকে করাই শ্রেয়। এই উদ্যোগ সম্পর্কে আমি একদমই অবগত ছিলাম না। নিশ্চয়ই বেশ কিছু দিন ধরেই এটি নিয়ে ওদের আলোচনা ছিল, প্রক্রিয়া চলছিল। কিন্তু এ সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না। সংবাদ সম্মেলন দেখে আমি ওদের পদক্ষেপ সম্পর্কে জানতে পেরেছি।

 

ক্রিকেটারদের নানা দাবির সঙ্গে আমি আগেও একাত্ম ছিলাম, এখনো আছি। আজকের পদক্ষেপ সম্পর্কে আগে থেকে জানতে পারলে অবশ্যই আমি থাকতাম।

 

মিডিয়ায় ওদের খবর দেখার পর থেকে হাজারবার আমার মাথায় এই প্রশ্ন এসেছে, যে কেন আমাকে জানানো হলো না। অনেকে আমার কাছে জানতেও চেয়েছেন। কিন্তু আমি নিজেও জানি না, কেন জানানো হয়নি।

 

তবে আমার উপস্থিত থাকা কিংবা না থাকার চেয়ে, ১১ দফা দাবি বাস্তবায়িত হওয়াই বড় কথা। সব কটি দাবিই ন্যায্য, ক্রিকেট ও ক্রিকেটারদের মঙ্গলের জন্য জরুরি। আমি মাশরাফি বিন মোর্ত্তজা, ১১ দফা দাবি শান্তিপূর্ণ ভাবে বাস্তবায়িত হওয়ার পক্ষে আছি, থাকব।

 

এর আগে, সোমবার দুপুরে এক নজিরবিহীন সংবাদ সম্মেলনে জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটাররা নিজেদের দাবি-দাওয়া তুলে ধরেন। বেতন বাড়ানোসহ ১১ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত সব ধরনের খেলা থেকে বিরত থাকবেন বলে হুঁশিয়ারি দেন তারা। এতে করে চলমান জাতীয় ক্রিকেট লীগ (এনসিএল) তো বটেই, ভারতে আসন্ন সফরও হুমকির মুখে পড়ে।

 

এ সংবাদ সম্মেলনের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বলছে, তারা ক্রিকেটারদের এসব দাবি-দাওয়ার বিষয়ে আগে থেকে কিছুই জানতেন না। আনুষ্ঠানিকভাবে দাবিগুলো তাদের কাছে পৌঁছে দেওয়া হলে তারা এ বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন। পরে জানা যায়, আজ মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুর ১২টায় জরুরি সভা ডেকেছে বিসিবি।

 

ক্রিকেটারদের ১১ দফা দাবি

১. ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (কোয়াবের) বর্তমান কমিটিকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। ক্রিকেটারদের সরাসরি ভোটে ঠিক করা হবে নতুন সভাপতি-সাধারণ সম্পাদক।

 

২. ঢাকা প্রিমিয়ার লিগের দলবদলের নিয়ম আগের মতো করতে হবে। যে যার পছন্দমতো দলে যাবে।

 

৩. এ বছর না হোক, তবে পরের বছর থেকে আগের মতো (ফ্র্যাঞ্চাইজি পদ্ধতিতে) বিপিএল আয়োজন করতে হবে। স্থানীয় ক্রিকেটারদের পারিশ্রমিক বাড়াতে হবে।

Manual7 Ad Code

 

৪. প্রথম শ্রেণির ক্রিকেটে ম্যাচ ফি ১ লাখ করতে হবে। চুক্তিভুক্ত প্রথম শ্রেণীর ক্রিকেটারদের বেতন ৫০% বাড়াতে হবে। ১২ মাস কোচ-ফিজিও দিতে হবে, প্রতি বিভাগে অনুশীলনের ব্যবস্থা করতে হবে।

 

৫. আন্তর্জাতিক ক্রিকেটে যে বল দিয়ে খেলা হয়, ঘরোয়া লিগে সেই বল ব্যবহার করতে হবে। দৈনিক ভাতা ১৫০০ টাকায় কিছু হয় না, তা বাড়াতে হবে। এক ভেন্যু থেকে আরেক ভেন্যুতে যাওয়ার জন্য যাতায়াত ভাড়া মাত্র ২৫০০ টাকা। তা বাড়াতে হবে অথবা প্লেন ভাড়া দিতে হবে। হোটেল ভালো হতে হবে, জিম ও সুইমিংপুল সুবিধা থাকতে হবে।

 

৬. জাতীয় দলে চুক্তিভুক্ত ক্রিকেটারের সংখ্যা অন্তত ৩০ করতে হবে ও বেতন বাড়াতে হবে।

Manual1 Ad Code

 

৭. দেশি সব স্টাফদের বেতন বাড়াতে হবে। কোচ থেকে শুরু করে গ্রাউন্ড স্টাফ, আম্পায়ার- সবার বেতন বাড়াতে হবে।

 

৮. জাতীয় লিগের পর আগে একটি ওয়ানডে লিগ হতো, সেটি ফিরিয়ে আনতে হবে। বিপিএলের আগে আরেকটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট দিতে হবে।

 

৯. ঘরোয়া ক্যালেন্ডার চূড়ান্ত হতে হবে।

 

১০. ডিপিএলের (ঢাকা প্রিমিয়ার লিগ) পাওনা টাকা নির্দিষ্ট সময়ের মধ্যে দিতে হবে।

 

১১. বিদেশে ফ্র্যাঞ্চাইজি লিগ দুটির বেশি খেলা যাবে না, এমন নিয়ম তুলে দিতে হবে। সুযোগ থাকলে সবাই খেলবে।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code