চিরনিদ্রায় শায়িত ভাষা সৈনিক মৌলভীবাজারের রওশন আরা বাচ্চু

প্রকাশিত: ২:১৪ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৫, ২০১৯

চিরনিদ্রায় শায়িত ভাষা সৈনিক মৌলভীবাজারের রওশন আরা বাচ্চু

Manual1 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়ায় সর্বস্তরের মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে চিরনিদ্রায় শায়িত হলেন ৫২’র ভাষা আন্দোলনের পুলিশের ব্যারিকেড ভাঙা ভাষা সৈনিক রওশন আরা বাচ্চু।

 

বুধবার (০৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় কুলাউড়ায় নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে রাখা হয় মরদেহ। বায়ান্নের ভাষাকন্যা বাচ্চু’র কাফনে মোড়ানো নিথর দেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। পরে সকাল ১১টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে বাড়ির পূর্বপাশের পুকুর পারে ভাষার জন্য সংগ্রাম করা মহীয়সী নারী রওশন আরা বাচ্চুর দাফন সম্পন্ন হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন- মৌলভীবাজার জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Manual8 Ad Code

 

বার্ধক্যজনিত সমস্যায় মঙ্গলবার (০৩ ডিসেম্বর) জীবনের আলো নিভে যায় ভাষা সৈনিক রওশন আরা বাচ্চুর। (ইন্না….. রাজিউন)। মৃত্যৃকালে তাঁর বয়স হয়েছিলো ৮৭ বছর।

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রওশন আরার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। রওশন আরা বাচ্চুর স্থান পূরণ হওয়ার নয় বলে জানিয়েছেন দেশের অনেক খ্যাতিমান ভাষাবিদ, শিক্ষাবিদ, রাজনৈতিকসহ নানা শ্রেণি পেশার মানুষ।

 

কুলাউড়ায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বক্তব্য রাখেন- জেলা প্রশাসন নাজিয়া শিরিন, জেলা পুলিশ সুপার ফারুক আহমদ পিপিএম, কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম ফরহাদ চৌধুরী, উপজেলা আ.লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, সাধারণ সম্পাদক আসম কামরুল ইসলাম, কুলাউড়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খান সাহেদ প্রমুখ।

 

Manual4 Ad Code

এর আগে বাংলা একাডেমি থেকে রওশন আরা বাচ্চুর মরদেহ নিয়ে যাওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে। সেখানে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর মরদেহ নিয়ে যাওয়া হয় তাঁর পশ্চিম মণিপুরের বাসায়। এশার নামাজের পর সেখানকার বায়তুল আমান জামে মসজিদে তাঁর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। পরে মরদেহবাহী গাড়ি ঢাকা থেকে সাইরেন বাজিয়ে রাত ৩টায় পৌঁছায় কুলাউড়াস্থ উছলাপাড়া গ্রামে তাঁর নিজ বাড়িতে। এ সময় আত্মীয়-স্বজন পাড়া প্রতিবেশীদের কান্নায় ভারী হয়ে উঠে চারদিকের পরিবেশ।

 

রওশন আরা বাচ্চু জীবদ্দশায় বলতেন, ‘ভাষা বাঁচলে দেশ বাঁচবে। আমি আমার জীবনে যা কিছু করতে পেরেছি তার জন্য মায়ের অবদানই বেশী। যে যুগে আমি পড়াশোনা করেছি, তা যদি আমার মা না দেখতেন তাহলে হতো না।’

 

এখন থেকে কেউ আর এই কথা বলবেন না। জাতি হারালো আরেক ভাষা সেনানীকে। রওশন আরা বাচ্চুর স্থান পূরন হওয়ার নয় বলে জানিয়েছেন দেশের অনেক খ্যাতিমান ভাষাবিদ, শিক্ষাবিদ, রাজনৈতিকসহ নানা শ্রেণি পেশার মানুষ। শোকে আচ্ছন্ন তাঁর নিজ জন্মভূমি কুলাউড়া।

 

মূলত; বার্ধক্যজনিত সমস্যা ছিলো রওশন আরা বাচ্চুর। পাশাপাশি নানা শারীরিক সমস্যায় ভূগছিলেন। গত রোববার তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেদিন ইমার্জেন্সিতে তিন ঘণ্টা রেখে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। রওশন আরা বাচ্চুর ছোট মেয়ে তাহমিদা খাতুন এ তথ্য দেন। রওশন আরা বাচ্চুর চার মেয়ে। স্বামী শামসুদ্দীন মোহাম্মদ আবদুল তৈমুর মারা গেছেন ২০১৭ সালে।

 

Manual4 Ad Code

শ্রদ্ধানুষ্ঠানে রওশন আরা বাচ্চুর ছোট মেয়ে তাহমিদা খাতুন বলেন, ‘আমার মায়ের শেষ ইচ্ছে ছিলো তাঁর নিজ জন্মস্থানে শায়িত হবেন। আমরা সেই আশা পূর্ণ করেছি। আমার মায়ের নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান করতে চাই। এটি হলেই আমার মায়ের আত্মা শান্তি পাবে।’

 

কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসম কামরুল ইসলাম বলেন, ‘১৯৫২ সালে মেয়েরা প্রকাশ্যে সভা-সমিতি করতে বিব্রতবোধ করতেন। এমনকি বাইরে বেরোতেও বিধি-নিষেধ ছিলো। সে সময় শ্রদ্ধেয় রওশন আরা বাচ্চু আন্দোলন করেছেন। ভাষা সংগ্রামকে এগিয়ে নিয়ে গেছেন। তাঁর স্মৃতি রক্ষার্থে কুলাউড়ায় শিক্ষা প্রতিষ্ঠান বা রাস্তার নামকরণ দাবী করেন তিনি।’

 

জেলা পুলিশ সুপার ফারুক আহমদ পিপিএম বলেন, ‘কুলাউড়ায় অনেক গুনী ব্যক্তিদের জন্ম হয়েছে। এর মধ্যে রওশন আরা বাচ্চু অন্যতম শ্রেষ্ঠ কৃতি সন্তান। তাঁদের আন্দোলনের ফসল হলো আমাদের এ প্রাণের বাংলাদেশ।’

Manual2 Ad Code

 

জেলা প্রশাসন নাজিয়া শিরিন শ্রদ্ধাজ্ঞাপন শেষে বলেন, ‘রওশন আরা বাচ্চুর স্মৃতি রক্ষার্থে রাষ্ট্রীয়ভাবে আমরা নিশ্চয়ই কাজ করবো। ৫২ সালে তিনি ভাষা সংগ্রামী হিসেবে নিজেকে প্রমাণ করেছিলেন। রওশন আরা বাচ্চু অত্যন্ত সাহসী নারী ছিলেন। ভাষা আন্দোলন থেকে বর্তমান সময় পর্যন্ত বাংলা ভাষার প্রশ্নে তিনি সর্বদাই সোচ্চার ছিলেন। আমি তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করি।’

 

প্রসঙ্গত, ভাষাসৈনিক রওশন আরা বাচ্চু ১৯৩২ সালের ১৭ ডিসেম্বর মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার উছলাপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা এ এম আশ্রাফ আলী, মা মনিরুন্নেসা খাতুন। রওশন আরা বাচ্চু ১৯৪৭ সালে পিরোজপুর গার্লস স্কুল থেকে ম্যাট্রিক পাস করেন। এরপর বরিশাল বিএম কলেজ থেকে ১৯৪৯ সালে ইন্টারমিডিয়েট পাস করেন। ১৯৪৯ সালে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে। ১৯৫৩ সালে অনার্স পাস করেন। রওশন আরা বাচ্চু ‘গণতান্ত্রিক প্রগ্রেসিভ ফ্রন্ট’-এ যোগ দিয়ে ছাত্ররাজনীতি শুরু করেন। তিনি সলিমুল্লাহ মুসলিম হল এবং উইমেন স্টুডেন্টস রেসিডেন্সের সদস্য নির্বাচিত হন। রওশন আরা বাচ্চু সর্বশেষ বিএড কলেজে শিক্ষকতা করেছেন। অবসর নেন ২০০২ সালে।

 

রওশন আরা বাচ্চুর পরিবার নানাভাবে রাজনীতির সঙ্গে যুক্ত ছিল। দাদা আহমদ আলী পড়াশোনা করেন কলকাতার প্রেসিডেন্সি কলেজে। তিনি ব্রিটিশ সরকারের ইন্সপেক্টর জেনারেল অব রেজিস্ট্রেশনের দায়িত্বে ছিলেন। চাচা ছিলেন কংগ্রেস পার্টির সদস্য।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code