সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০১৯
কুলাউড়া প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল এলাকায় মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার পাঁচ ঘণ্টা পর সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
এর আগে রোববার (২৯ ডিসেম্বর) সোয়া ১০টার দিকে কুলাউড়া উপজেলার বরমচাল স্টেশনের আউটার সিগন্যাল এলাকায় মালবাহী ট্রেনের একটি বগি লাইন চ্যুত হয়।
এতে সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। একইসঙ্গে বন্ধ হয়ে যায় আঞ্চলিক সড়ক যোগাযোগও। বগিটি উদ্ধারের পর বিকাল সোয়া ৩টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
রেলওয়ে সূত্রে জানা গেছে, ফেঞ্চুগঞ্জ সার কারখানা থেকে আখাউড়াগামী মালবাহী একটি ট্রেন সার নিয়ে যাওয়ার পথে সকাল সোয়া ১০টার দিকে বরমচাল স্টেশন অতিক্রম করার পর আউটার সিগন্যাল এলাকায় একটি বগি লাইন চ্যুত হয়। এর ফলে শুধু ট্রেন যোগাযোগ ছাড়াও কুলাউড়া-ব্রাহ্মণবাজার-মাইজগাঁও সড়ক যোগাযোগও বন্ধ ছিল। দেড় ঘণ্টা পর ট্রেনের বগি সরিয়ে নেয়ার পর সড়ক যোগাযোগ চালু হয়।
এই দুর্ঘটনার ফলে মাইজগাঁও স্টেশনে আটকা পড়ে চট্টগ্রামগামী আন্ত:নগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন এবং কুলাউড়া স্টেশনে আটকা পড়ে ঢাকা থেকে ছেড়ে আসা আন্ত:নগর পারাবত এক্সপ্রেস ট্রেন। এতে যাত্রীরা দুর্ভোগে পড়েন।
বরমচাল স্টেশন মাস্টার কাজল মাহমুদ জানান, দুর্ঘটনার ফলে আড়াই থেকে ৩শ স্লিপার ক্ষতিগ্রস্ত হয়েছে।
কুলাউড়া স্টেশন মাস্টার মুহিবুর রহমান জানান, কুলাউড়া থেকে উদ্ধারকারী দল ৫ ঘণ্টা চেষ্টা চালিয়ে লাইন মেরামত করে। বিকাল সোয়া ৩টায় কুলাউড়া স্টেশনে আটকা পড়া এবং ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্ত:নগর পারাবত এক্সপ্রেস ট্রেন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়।
Design and developed by ওয়েব হোম বিডি