সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৩৫ পূর্বাহ্ণ, জুলাই ২০, ২০২০
শ্রীমঙ্গল প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলের মিশন রোডের একটি মসজিদের পুকুরে ডুবে মো. শাকিল আহমদ নামে এক কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (১৯ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটেছে।
সে অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র এবং শ্রীমঙ্গল পৌর যুবলীগ ৮নং ওয়ার্ড শাখার সভাপতি মো. মানিক আহমদের ছোট ভাই।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শাকিল সাঁতার শেখার জন্য তার বাসার পাশের সোনা মিয়া সড়কের আলাবক্স মসজিদের পুকুরে গিয়েছিলেন। সাঁতার শেখার একপর্যায়ে পুকুরের এক পাড় থেকে অন্য পাড়ে যাওয়ার সময় হঠাৎ করে তিনি ডুবে যান। পরে এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা মিলে তাকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফন করার আবেদন করেছে তরুণের পরিবার। পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে, তাই পরিবারের পক্ষ থেকে কোনো ধরণের অভিযোগ করা হয়নি।
Design and developed by ওয়েব হোম বিডি