সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪৩ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০২১
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগ (নৌকা) প্রতীকের প্রচারণার গাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে।
বুধবার (০৬ জানুয়ারি) রাত ১১টার দিকে চালক যুদ্ধাপুর গ্রামে নিজ বাড়িতে সিএনজিচালিত অটো নিয়ে যাওয়ার পথে অতর্কিতে এসে একদল দুর্বৃত্ত হামলা চালায়।
জানা যায়, কমলগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের গোপালনগর গ্রাম এলাকায় আওয়ামী লীগ মেয়রপ্রার্থী ও বর্তমান মেয়র মো. জুয়েল আহমেদ প্রচারণার মাইক লাগানো সিএনজিচালিত অটোরিকশাটি নিয়ে চালক শফিক মিয়া যুদ্ধাপুর গ্রামে নিজ বাড়িতে যাচ্ছিলেন।
পথে বুধবার রাত ১১টার দিকে বাড়ির কাছেই একদল দুর্বৃত্ত ওই অটোরিকশায় হামলা চালায়। এ সময় সাইডের পর্দা ছিঁড়ে ফেলে ভাঙচুর করে, পরে অটোরিকশায় অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। ঘটনার খবর পেয়েই রাতেই কমলগঞ্জ থানার পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।
আ’লীগের মেয়রপ্রার্থী বর্তমান মেয়র মো. জুয়েল আহমেদ বলেন, এবারের নির্বাচনে তাকে আবারও দলীয়ভাবে মনোনয়ন দেয়ার পরও দলীয় আরও দুজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেয়র পদে নির্বাচন করছেন। ফলে শুরু থেকেই প্রচারণায় তাকে নানাভাবে হয়রানির চেষ্টা চলছিল।
এমনিভাবে বুধবার রাতে প্রচারণা শেষে তার ভাড়া করা একটি অটোরিকশায় হামলা চালিয়ে অগ্নিসংযোগ করা হয়। তিনি মনে করেন তার প্রতিদ্বন্দ্বীদের মধ্যে কোনো একটি পক্ষের দুর্বৃত্তরা তার প্রচারণার অটোরিকশায় হামলায় চালায়। তিনি রাতেই থানায় অভিযোগ করেছেন।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় কোনো অভিযোগ তার হাতে আসেনি। তার পরও পুলিশ জোর তদন্ত করছে।
উল্লেখ্য, কমলগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগ প্রার্থীর বিপরীতে দুজন বিদ্রোহী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির এক প্রার্থী।
Design and developed by ওয়েব হোম বিডি