সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩৯ অপরাহ্ণ, জানুয়ারি ১৭, ২০২১
সুরমা মেইল ডেস্ক : পর্যটন ব্যবস্থাপনার কারণে সিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জে পাথর উত্তোলনে স্থানীয় জেলা প্রশাসকের দেয়া স্থগিতাদেশের কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। এতে ভোলাগঞ্জে পাথর উত্তোলনে আর কোনো বাধা রইলো না বলে জানিয়েছেন আইনজীবীরা।
রোববার (১৭ জানুয়ারি) এক রিট আবেদনের প্রাথমিক শুনানি করে বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে রিটকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী হাবিব উন নবী। তিনি বলেন, খনি ও খনিজ সম্পদ বিধিমালা ২০১২-তে বিধান না থাকা এবং পর্যটনের অজুহাতে ২০২০ সালের ১১ ফেব্রুয়ারি ভোলাগঞ্জে পাথর উত্তোলনে স্থানীয় জেলা প্রশাসক নিষেধাজ্ঞা জারি করে চিঠি দেয়। এতে করে স্থানীয় প্রায় ১০ লাখ শ্রমিক কর্মহীন হয়ে পড়ে। অথচ দীর্ঘদিন ধরে সেখানে খাস কালেকশন চলে আসছিল। খাস আদায়ের বিধানও আইনে আছে।
তাই ওই নিষেধাজ্ঞার বৈধতা চ্যালেঞ্জ করে গত ডিসেম্বরে পূর্ব ইসলামপুর হ্যামার শ্রমিক সমবায় সমিতি হাইকোর্টে রিট দায়ের করে। সেই রিটের শুনানি দিয়ে আদালত স্থানীয় জেলা প্রশাসকের দেয়া স্থগিতাদেশের কার্যক্রম স্থগিতের আদেশ দিলেন হাইকোর্ট।
Design and developed by ওয়েব হোম বিডি