সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২১
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচংয়ে জাকিয়া খাতুন (৬৫) নামে এক বৃদ্ধাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (০৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টায় এ ঘটনা ঘটে।
জাকিয়া খাতুন উপজেলা সদরের ৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়ন এর অন্তর্গত চৌধুরী পাড়া গ্রামের মরহুম আব্দুল হান্নান ঠাকুরের স্ত্রী।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) শেখ মো. সেলিম ও থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এলাকাবাসী সূত্রে জানা যায়, গ্যানিংগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হান্নান ঠাকুর প্রায় ২ বছর আগে মারা যান। স্বামী মারা যাওয়ার পর কনিষ্ঠ সন্তান জুবেল ঠাকুরকে (২৭) নিয়ে জাকিয়া খাতুন চৌধুরী পাড়ার বাড়িতে বসবাস করছেন। জ্যেষ্ঠ ছেলে মোর্শেদ ঠাকুর স্ব-পরিবারে লন্ডনে এবং মেঝ ছেলে জে আজম ঠাকুর রিংকু ব্যাংকে চাকুরি করার সুবাদে ঢাকায় কর্মরত আছেন।
ঘটনার দিন সন্ধ্যার পর জাকিয়া খাতুনের ছেলে প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য বাজারে যায়। এ সময় তিনি ঘরে একা ছিলেন। এ সুযোগে দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে।
হবিগঞ্জের বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন জানান, ঘটনার প্রকৃত খুনিকে বের করতে পুলিশের বিভিন্ন ইউনিট কাজ করছে। আশা করি খুব দ্রুত সময়ের মধ্যেই এ ঘটনার রহস্য উদঘাটন করা সম্ভব হবে।
Design and developed by ওয়েব হোম বিডি